ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেজগাঁও বিমানবন্দরকে বাইরে রাখতে সামরিক বাহিনীর সুপারিশ থাকায় মেট্রো রেলের রুটের নকশা তৈরি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এর নকশা চূড়ান্ত হবে।
এমআরটি-৬ নিয়ে বুধবার আন্তঃমন্ত্রণালয় সভার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান। তবে আগামী তিন মাসের মধ্যে এর নকশা চূড়ান্ত করতে হবে বলে জানান তিনি।
ঢাকা শহরে যানজট নিরসনে গত ৭ মার্চ মন্ত্রিসভা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের (এসটিপি) আওতায় অন্তর্ভুক্ত ম্যাস র্যাপিড ট্রান্সপোর্ট (এমআরটি) লাইন-৬ বাস্তবায়ন ও আনুসঙ্গিক বিষয়ক প্রস্তাব অনুমোদন করে।
এসটিপির আওতায় উত্তরা থেকে পল্লবী হয়ে বিজয় সরণী, ফার্মগেট থেকে সায়েদাবাদ পর্যন্ত উড়াল রেলপথ নির্মাণ করা হবে। ২০১৩ সালের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, তেজগাঁও বিমানবন্দর এ রুটের বাইরে রাখার সুপারিশ করছে বিমানবাহিনী।
"প্রস্তাবিত রুটে উচ্চতা প্রায় ১৯ মিটার হবে। এতে বিমানবাহিনীর অসুবিধা হবে বলে জানানো হয়েছে। তবে এ উচ্চতা ১৯ মিটার থেকে ১৬ মিটার পর্যন্ত কমানো যাবে", বলেন তিনি।
বৈঠকে অংশ নেওয়া নগর পরিকল্পনা বিশেষজ্ঞ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সাংবাদিকদের বলেন, তেজগাঁও বিমানবন্দরটি বিমানবাহিনী ও সেনাবাহিনী জরুরি অবস্থায় ব্যবহার করে থাকে। এ বিমানবন্দরের পাশ দিয়ে মেট্রো রেল রুট হলে তাদের নিরাপত্তা ব্যাহত হবে এবং তাদের চলাচলে সমস্যা তৈরি হবে বলে জানিয়েছে।
বিমানবাহিনী প্রস্তাব করেছে রুটটি রোকেয়া সরণি হয়ে ফার্মগেট দিয়ে নিয়ে যেতে। তবে এর ফলে কয়েকটি বড় সরকারি ভবন ক্ষতিগ্রস্ত এবং মেট্রো রেলের টার্নিংগুলো (বাঁক) বেশি শার্প হয়ে যাবে, বলেন তিনি।
বিমানবাহিনী মেট্রো রেল লাইনের উচ্চতা ১১ মিটার করার প্রস্তাব দিয়েছে জানিয়ে জামিলুর রেজা বলেন, এ উচ্চতা ১৬ মিটারের নিচে নামানো সম্ভব হবে না।
নকশা নিয়ে জটিলতা দেখা দিলেও নির্দিষ্ট সময়ের মধ্যেই এ প্রকল্প শেষ হবে বলে আশাবাদ প্রকাশ করেন অর্থমন্ত্রী।
সভায় যোগাযোগমন্ত্রীসহ সেনাবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৪০০ ঘ.
bdnews24