২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'টিসিবিকে সক্রিয় করা হবে মুক্তবাজার ধারণার বিপরীত'

বাণিজ্য সচিব গোলাম হোসেন বলেছেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) সক্রিয় করা হলে তা হবে মুক্তবাজার অর্থনীতির ধারণার উল্টো কাজ করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 06:32 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

চট্টগ্রাম, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য সচিব গোলাম হোসেন বলেছেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) সক্রিয় করা হলে তা হবে মুক্তবাজার অর্থনীতির ধারণার উল্টো কাজ করা। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়নে এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে টিসিবিকে সক্রিয় করার তাগাদা দিলে তিনি এ মন্তব্য করেন। মুক্তবাজার ধারণা অনুযায়ী, বাজারে সব ব্যবসায়ী সমান সুযোগ উপভোগ করবে। কিন্তু টিসিবি সক্রিয় হলে সরকারি খাদ্য আমদানির একটি বড় অংশ আসবে টিসিবির মাধ্যমে। এ বিষয়টির ইংগিত করে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব বলেন, "দ্রব্যমূল্য সহনীয় রাখতে টিসিবিকে সক্রিয় করতে বললে মুক্তবাজার অর্থনীতির বিপরীতে কাজ করতে বলা হয়।" এছাড়া টিসিবির বর্তমান লোকবল তাদের দিয়ে সুষ্ঠুভাবে পণ্য সরবরাহ করা সম্ভব নয় বলে মন্তব্যও করেন তিনি। রমজানে ভোজ্যতেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে তেল-চিনি আমদানিকারক, পরিবেশক ও ব্যবসায়ীদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান। কাজির দেউড়ি বাজার সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ভ্রাম্যমাণ আদালত ফরমালিন মিশ্রিত পণ্য বিক্রি, মূল্য তালিকা না থাকা, পণ্যের মোড়কের গায়ে উৎপাদন তারিখ ও বিক্রয় মূল্য লেখা না থাকাসহ বিভিন্ন কারণে খুচরা ব্যবসায়ীদের জরিানা করে। অথচ এসব পণ্য খুচরা ব্যবাসায়ীরা বিভিন্ন জায়গা থেকে কিনে এনে বিক্রি করে। খুচরা ব্যবসায়ীদের জরিমানা না করে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানান তিনি। খাতুনগঞ্জ শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে বিশেষ প্রয়োজন ছাড়া ফরমালিন আমাদানি বন্ধ করার জানানো হয় মতবিনিময় সভায়। রোজার শুরুতে বাজারে চিনি সংকট প্রসঙ্গে বাণিজ্য সচিব বলেন, চিনি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, সংকট কেটে যাবে। "ব্যবসায়ী এবং আমাদের কিছু ভুল বুঝাবুঝির কারণে একটু সমস্যা হয়েছে।" ডেলিভারি অর্ডার (ডিও) পদ্ধতি বালিত করে নতুন চালু হওয়া পরিবেশক পদ্ধতিতে মিল গেট থেকে পরিবেশক ছাড়া পাইকাররা চিনি উত্তোলন করতে পারবেন না বলেও গোলাম হোসেন জানান। অন্যদের মধ্যে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ, ব্যবসায়ী আবুল বশর চৌধুরী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জোবায়ের আহমেদ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/জেকে/০০১৪ ঘ.