২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে আগুন

বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগে চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের বিভিন্ন প্রতিষ্ঠানের বৈদ্যুতিক সংযোগ ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 06:32 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

চট্টগ্রাম, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগে চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের বিভিন্ন প্রতিষ্ঠানের বৈদ্যুতিক সংযোগ ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। মঙ্গরবার রাত ৮ টার দিকে নগরীর জামালখান এলাকায় প্রেসক্লাবের ৭ তলা ভবনের বাইরে একটি বিদ্যুতের খুঁটি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার ব্রিগেড। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'শর্ট সার্কিট' থেকে ওই বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার পর প্রেসক্লাবের মিটার রুমে বিস্ফোরণ হয়। এতে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ও ভবনের কয়েকটি অফিসের বৈদ্যুতিক সংযোগ পুড়ে যায়।' ভবনটির নিচ তলায় দুটি সম্মেলন কক্ষ, একটি ব্যাংকের কার্যালয়, দ্বিতীয় তলায় চট্টগ্রাম প্রেসক্লাব, তৃতীয় তলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা, এটিএন নিউজ, বিজয় টিভি, চতুর্থ তলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। চন্দনপুরা ফায়ার স্টেশনের ইনচার্জ তৌফিকুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের দুটি গাড়ি আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেকে/০০২৭ ঘ.