২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

মিষ্টিতে মাছি ও পাউরুটি তৈরির ময়দায় তেলাপোকা পাওয়ায় চট্টগ্রামে অভিজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিজলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 05:53 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

চট্টগ্রাম, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিষ্টিতে মাছি ও পাউরুটি তৈরির ময়দায় তেলাপোকা পাওয়ায় চট্টগ্রামে অভিজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিজলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকারের নেতৃত্বে আগ্রাবাদে অবস্থিত 'সিজলে'র কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সোমবার চেইন শপ 'মীনা বাজার' ও রোববার 'কেএফসি'কে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। যুথিকা সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, 'সিজল' এর কারখানা পরিদর্শনে গিয়ে অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে বলে দেখতে পান। আরেকটি ভ্রাম্যমাণ আদালত নিুমানের খাবার পরিবেশনের অপরাধে নগরীর দুটি হোটেলকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে। অভিযান পরিচালনাকারী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকিতুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোতোয়ালী থানার সাধু মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার এবং আদালত ভবন এলকায় একটি হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে টিসিবি'র (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) দেওয়া চিনি, তেল এবং ডাল নিু মানের হওয়াতে ক্রেতারা তা কিনছেন না বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগ করেছেন ডিলাররা। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নগরীর লালখানবাজার ও কোতোয়ালী এলাকায় টিসিবি'র নির্ধারিত ডিলাররা মুকিতুল হাসানের কাছে এ অভিযোগ করেন। মুকিতুল জানান, টিসিবি'র দেওয়া ছোলা মানসম্পন্ন হলেও তেল এবং ডালের মান ভাল নয় বলে ডিলাররা অভিযোগ করেছেন। চিনির বিষয়ে তিনি বলেন, "ডিলাররা অভিযোগ করলেও চিনির মান মোটামুটি ভাল বলে মনে হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/আরএম/পিডি/২৩৪৯ ঘ.