ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে ভারী বর্ষণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। প্লাবিত হয়েছে নিুভূমি। সেই সঙ্গে যানজটের মতো বাড়তি দুর্ভোগও পোহাতে হয়েছে মানুষজনকে।
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাদিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রাবণের শেষ দিকে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের সর্বত্র ভারি বৃষ্টিপাত হচ্ছে। বুধবারও একই আবহাওয়া বিরাজ করতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাত কমে আসবে।
সাগরে ঝড়ো হাওয়ার আশঙ্কায় বন্দরগুলোতে বহাল রাখা হয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুযায়ী, দেশের নদ-নদীর ৭৩টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে ৪৬টিতে পানি বেড়েছে, কমেছে ২৫টি পয়েন্টে। ছয়টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও মেঘনা অববাহিকার নদ-নদীতে পানি বাড়তে পারে বলে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে সর্বোচ্চ ২৩৩ মিলিমিটার, কক্সবাজারের ২২২ মিলিমিটার, চট্টগ্রামে ১৭৩ মিলিমিটার, খেপুপাড়ায় ১৮৬ মিলিমিটার, ঢাকায় ১১২ মিলিমিটার, পটুয়াখালীতে ১১০ মিলিমিটার, রাজশাহীতে ১৪০ মিলিমিটার, টাঙ্গাইলে ১০৪ মিলিমিটার, খুলনায় ৯২ মিলিমিটার, ফেনীতে ৮৬ মিলিমিটার, বরিশালে ৩৮ মিলিমিটার, যশোরে ২৮ মিলিমিটার, কুমিল্লায় ২৩ মিলিমিটার, শ্রীমঙ্গলে ১৬ মিলিমিটার, দিনাজপুরে ৮ মিলিমিটার, মংলায় ৬৭ মিলিমিটার, চুয়াডাঙ্গায় ২৮ মিলিমিটার, চাঁদপুরে ২৭ মিলিমিটার, সাতক্ষীরায় ৭১ মিলিমিটার, সিলেটে ৯০ মিলিমিটার, ঈশ্বরদীতে ৭০ মিলিমিটার, বগুড়ায় ৫৫ মিলিমিটার ও রংপুরে ১৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
রাজধানীর রাস্তায় হাঁটু পানি
বৃষ্টির কারণে ঢাকা শহরের বিভিন্ন এলাকার রাস্তা সকালে হাঁটু পানিতে ডুবে যায়। মিরপুর, গুলশান, শান্তিনগরসহ রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে থাকায় বাড়তি যানজটের দুর্ভোগ পোহাতে হয় ঢাকাবাসীদের। বেশ ঝঞ্ঝাট করে গন্তব্যে পৌঁছাতে হয় দিনের শুরুতে অফিস-আদালতের উদ্দেশে বের হওয়া মানুষদের।
চট্টগ্রামে বৃষ্টিপাতের সঙ্গে জোয়ারের প্রভাবেও পানি বেড়েছে। মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত বন্দর নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, মোহাম্মদপুর, চকবাজার মোড়, কাপাসগোলা, বাদুরতলা, বাকলিয়ার কিছু অংশ, ডিসি রোড, শুলকবহর, হালিশহরসহ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এরপর ভাটা শুরু হওয়ায় জমে থাকা পানি আবার নামতে শুরু করলে জলাবদ্ধতা কমে আসে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় প্রবল মৌসুমী বায়ুর কারণে বেশি বৃষ্টিপাত হচ্ছে।
প্রতিনিধিদের পাঠানো খবর
বান্দরবান: বান্দরবান শহরের হাফেজঘোনা, আর্মিপাড়া, শেরেবাংলানগর, ইসলামপুর, লাঙ্গীপাড়া, বনানী স'মিল এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অনেক কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানেই কাঁচা ঘর ধসে পড়েছে। রাস্তায় পানি এবং পাহাড় ধসে বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ভোলা: মঙ্গলবার ভোর রাত থেকে বর্ষণে ভোলা সদর, দৌলতখান, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার ২৯টি চরের অধিবাসী পানিবন্দি হয়ে পড়েছে।
গাজীপুর: দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদরের ভোগড়া বাইপাস সড়ক সংলগ্ন দক্ষিণে ও উত্তরে, চান্দনা সিনেমা হলের পশ্চিমে, মালেকের বাড়ির উত্তরে, সাইনবোর্ড এলাকার ও ঢাকা-গাজীপুর সড়কে চান্দনায় রহমান শপিং মলের সামনের একাংশ পানিতে তলিয়ে গেছে।
নাটোর: বর্ষণে উত্তরা গণভবনের উত্তরাংশে ভূমিধসের ঘটনা ঘটেছে। রাস্তায় মাটি পড়ে বন্ধ হয়ে গেছে জেলা সদরের সঙ্গে তিনটি ইউনিয়নের সড়ক যোগাযোগ।
মঙ্গলবার বিকেলে উত্তরা গণভবন এলাকায় গিয়ে দেখা যায়, গণভবনের উত্তর সীমানা প্রাচীর ও সড়কে ভূমি ধসের ফলে দশ ফুট চওড়া ও ৮ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই রাস্তা দিয়ে উপজেলার দিঘাপতিয়া, পিপরুল ও খাজুরা ইউনিয়নের মধ্যে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
পটুয়াখালী: অবিরাম বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে হাটু সমান জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ
bdnews24