ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর দুবলহাটী রাজবাড়ীর প্রায় ২শ' বছরের পুরাতন রঘুনাথ মন্দির কেউ ভাঙতে এলে তাকে গ্রেপ্তারে জেলা প্রশাসনকে নির্র্দেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ ওই মন্দির ভাঙ্গা নিয়ে আদালতের একটি স্বতপ্রণোদিত রুলের শুনানিতে জেলা প্রশাসককে মৌখিকভাবে এই নির্দেশ দেয়।
আদালত একই সঙ্গে দুবলহাটী অ্যাস্টেটের রাজমাতা অরুনা রায় চৌধুরানীর পরিবারকে নিরাপত্তা দিতে বলেছে।
গত ৭ অগাস্টের তলবে সকালে ওই মন্দির ভাঙার ঘটনার নওগাঁর জেলা প্রশাসক, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নওগাঁ শাখার ম্যানেজার আদালতে হাজির হন।
আদালতে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিস্টার এবিএম আলতাফ হোসেন শুনানি করেন।
আদালতে নওগাঁর জেলা প্রশাসক মোসা. নাজমুন আরা খানম বলেন, আদালতে নির্দেশ অনুযায়ী মন্দির ভেঙে হাসপাতাল নির্মাণের কাজ বন্ধ রয়েছে।
"মাঝখানে কিছু প্রভাবশালী ব্যক্তির কারণে কিছু সমস্যা হয়েছিলো। তবে এখন সে সব কেটে গেছে।"
এ সময় মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হিসাবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের নাম আসার পর আদালত বলে, "তার তো টাকা পয়সার অভাব নেই। এরপরও এত লোভ কেন?"
এ সময় আদালত ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে উদ্দেশ্য করে বলে, আপনি জলিল সাহেবকে আমাদের উদ্বেগের কথা জানিয়ে দেবেন।
ওই জমিতে কিসের ভিত্তিতে হাসপাতাল নির্মাণ করা হচ্ছে- আদালতের এ জিজ্ঞাসার জবাবে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল হক বলেন, "অরুণা রায় চৌধুরানীর কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।"
এ সময় আদালত বলে, 'এটা কেমন কথা, মৌখিক অনুমতি নিয়ে অন্যের জমিতে হাসপাতাল নির্মাণ করা যায় না।'
আগামী ১১ অগাস্ট এই রুলের পরবর্তী শুনানি হবে। ওই দিন নওগাঁর এডিসি (রাজস্ব), মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং নওগাঁ শাখার মানেজারকে আসতে হবে।
গত ২৭ জুলাই দৈনিক যুগান্তরে 'নওগাঁয় মন্দির ভেঙে হাসপাতাল নির্মাণের অভিযোগ' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, 'অরুনা রায় চৌধুরানী অভিযোগ করেন, হাইকোর্টের রিট মামলায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ থাকা সত্ত্বেও ওই পূজা অর্চনার মন্দিরটি ভেঙে তছনছ করা হয়েছে। সেখানে মার্কেন্টাইল ব্যাংক হাসপাতাল নামের একটি সাইনবোর্ড ঝুলিয়ে ৩০ জুন মন্দিরের প্রধান স্থাপনা ভাঙার কাজ শুরু করে।'
'এসময় রাজ পরিবারের লোকজন দুবলহাটী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মন্দির ভাঙতে নিষেধ করেন। তাদের নিষেধ তোয়াক্কা না করে মন্দির ভাঙার কাজ অব্যাহত থাকে। এই অভিযোগের প্রতিকার চেয়ে ১২ জুলাই নওগাঁর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করলেও আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।'
প্রতিবেদনটির ভিত্তিতে ওই দিন আদালত রুল জারি করে। গত ৭ অগাস্ট এ সংক্রান্ত শুনানি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২৩০০ ঘ.
bdnews24