শেরপুর, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় ভাইয়ের নাম হবিবুর রহমান হবি আর ছোট ভাইয়ের নাম হাবিবুর রহমান হাবি।
ছোট ভাই হাবি (২৫) একটি মাদক দ্রব্য মামলার আসামি। সে জামিনে ছিলো। কিন্তু গত ২৩ মার্চ আদালতে হাজির না হওয়ায় হাবি'র জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
পুলিশ আদালতের আদেশে রোববার শহরের রঘুনাথ বাজার থেকে হাবির পরিবর্তে তার বড় ভাই ফলের দোকানি হবিকে (৩০) ধরে নিয়ে যায়। পরের দিন আদালতে হাজির করা হলে বিচারক আক্তারুজ্জামান তাকে জেল হাজাতে পাঠানোর আদেশ দেন। পরে যথারীতি দুই দিনের হাজত বাস করেন হবি।
মঙ্গলবার দুপুরে ছোট ভাই হাবি আদালতে হাজির হয়ে আত্মসমর্পন করেন। তার পরিবর্তে যে বড় ভাইকে ধরে আনা হয়েছে সে ব্যাপারে স্বীকারোক্তি দেন।
মামলাটির আইনজীবী রফিকুল ইসলাম আধার জানান, আদালত শুনানি শেষে দুই জনেরই জামিন মঞ্জুর করেন।
তিনি জানান, নাম বিভ্রাটের কারণেই এমনটি হয়েছে। ছোট ভাই 'হাবির' জায়গায় বড় ভাই 'হবিকে' দুই দিন হাজত বাস করতে হয়েছে।
হবি ও হাবি শহরের গৌরীপুর মহল্লার বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৫৮ ঘ.
bdnews24