ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিকম অপারেটরদের থ্রি-জি লাইসেন্স উন্মুক্ত নিলামের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে টেলিযোগাযোগ সংক্রান্ত ফি ও চার্জ পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "দীর্ঘ আলোচনার পর থ্রি জি লাইসেন্স উন্মুক্ত নিলামের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।"
মোবাইল ফোন অপারেটরদের লাইসেন্স ফি, লাইসেন্স নবায়ন ফি ও ভিওআইপি নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান তিনি।
প্রেসসচিব জানান, মোবাইল ফোন অপারেটরদের জন্য একটি নীতিমালা প্রণয়ন এবং 'সোস্যাল অবলিগেশন ফি' ১ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে।
টেলিকম কোম্পানিগুলোকে বার্ষিক রাজস্বের ১ শতাংশ হারে 'সোস্যাল অবলিগেশন ফি' দিতে হবে। লাভজনক নয় বলে যে সব স্থান বা ক্ষেত্রে ব্যবসার প্রসারে প্রতিষ্ঠানগুলো অনাগ্রহ দেখায়, এ অর্থ থেকে সে সুবিধা দেওয়া হবে।
ভিওআইপির লাইসেন্স দেওয়া হবে বলেও জানান প্রেসসচিব।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় আড়াই ঘণ্টার এ বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মশিউর রহমান, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।
এছাড়াও বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এমএ করিম, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক, টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস, প্রধানমন্ত্রী প্রেসসচিব আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি'র প্রধান জিয়া আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24