ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি সংরক্ষণ ও এর সঠিক ব্যবহারে সচেতনতা বাড়াতে মঙ্গলবার জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালন করবে সরকার।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো এ দিবস পালন করা হবে।
বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়েছে।"
সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা শুরু হয়ে ওসমানি স্মৃতি মিলনায়তনের সামনে গিয়ে শেষ হবে।
কারওয়ানবাজারে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) মিলনায়তনে দুপুর আড়াইটায় সেমিনার হবে। সেখানে প্রবন্ধ উপস্থাপন করবেন পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মোল্লা মোহাম্মদ মবিনুল হোসেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক ও পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে সোমবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, "জ্বালানি নিরাপত্তা দিবস উদযাপন জাতীয় সম্পদ গ্যাসের অপচয় রোধ এবং এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণে গণসচেতনতা সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।"
প্রধানমন্ত্রী বলেন, "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ অগাস্ট বিদেশি কোম্পানির অধীনে থাকা ৫টি গ্যাসক্ষেত্র রাষ্ট্রীয় মালিকানায় এনেছিলেন। বঙ্গবন্ধুর ওই ঐতিহাসিক পদক্ষেপকে স্মরণীয় করে রাখার জন্য ৯ অগাস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসেবে পালন করা হচ্ছে।"
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ দেশের মূল্যবান সম্পদ। এ সম্পদের সুষ্ঠু ব্যবহার ও অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে। এ বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে জ্বালানি নিরাপত্তা দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই বিশ্বাস করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচ/জেকে/০০২২ ঘ.
bdnews24