ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাত সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিচার দাবি করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
সোমবার আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 'জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ি থেকে নামিয়ে তাদের উপস্থিতিতেই পিটুনিতে মিলনের মৃত্যুর দায় কোনোভাবেই এড়াতে পারে না পুলিশ।'
এ ঘটনায় এরই মধ্যে কোম্পানীগঞ্জ থানার ওসিসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আসকের পক্ষ থেকে বলা হয়েছে, 'আমরা মনে করি মিলন হত্যাকাণ্ডের ঘটনা পুলিশের দায়িত্বে অবহেলার অন্তর্ভুক্ত নয়। এই অপরাধের সঙ্গে পুলিশ নিজেই জড়িত এবং এ অপরাধে তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন।'
গত ২৭ জুলাই কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রহিমারটেক এলাকায় ডাকাত সন্দেহে ৬ জন গণপিটুনিতে নিহত হয়। এর মধ্যে একজন ছিলেন শামসুদ্দিন মিলন।
মিলনের মা চরফকিরা গ্রামের কোহিনুর বেগম দাবি করেছেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে ডাকাত সাজিয়ে মারা হয়েছে।
এ ঘটনায় তিনি বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ, স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য ও এক নারী সদস্যের স্বামীকে আসামি করে গত ৩ অগাস্ট হত্যা মামলা করেন।
গণপিটুনিতে ছয়জনের নিহত হওয়া এবং ডাকাতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় পুলিশ পৃথক তিনটি মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/পিডি/২৩৪১ ঘ.
bdnews24