২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালু হচ্ছে বগুড়া-ঢাকা বিআরটিসি বাস

দশ বছর পর আবারো বগুড়া-ঢাকা বিআরটিসি'র বাস সার্ভিস চালু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

বগুড়া, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ বছর পর আবারো বগুড়া-ঢাকা বিআরটিসি'র বাস সার্ভিস চালু হচ্ছে। বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগেই এ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ৩০টি বাস দিয়ে চালু হবে সার্ভিস। এরমধ্যে ২০টি শীতাতপ নিয়ন্ত্রিত। আশির দশকে বগুড়াসহ উত্তরাঞ্চলে প্রথম নৈশ কোচ সার্ভিস শুরু করেছিলো বিআরটিসি। তখন বগুড়া-নগরবাড়ী-আরিচা ঘাট হয়ে ঢাকায় পৌঁছাতে সময় লাগতো ৮ থেকে ১০ ঘণ্টা। ফলে বিআরটিসির এই সার্ভিসটি তখন খুবই জনপ্রিয় হয়ে উঠে। কিন্তু কোনো কারণ ছাড়াই সে সময় এই সার্ভিস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আর বিআরটিসির 'নাইট সার্ভিসের' স্থান দখল করে নেয় বেসরকারি বাস মালিকরা। এরপর দিনের বেলায় বিআরটিসি'র বাস বগুড়া সহ উত্তরবঙ্গে কিছুদিন চলাচল করে। কিন্তু বগুড়া ডিপোর বাস ঢাকায় চলাচলের উপযুক্ত নয়-এমন অজুহাত তুলে সেই সার্ভিসও বন্ধ করে দেওয়া হয়। বিআরটিসি'র পরিচালনা পর্ষদের সদস্য শুভাশিষ পোদ্দার লিটন জানান, বগুড়া থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, যশোর, গোপালগঞ্জ, পিরোজপুর, কুড়িগ্রাম, রাজশাহী, বাংলাবান্ধা, কানসাট, রহনপুর, ভোলাহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট ও হিলি চলাচল করবে। নতুন বাসের ভাড়া নির্ধারণ করা না হলেও বেসরকারি পরিবহনের চেয়ে ভাড়া কমপক্ষে ৫০ টাকা কম হবে বলে জানান লিটন। বগুড়া বিআরটিসির ডিপো ব্যবস্থাপক আলমাস আলী জানান, ঈদের আগেই নতুন বাস চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ঈদে ঘরমুখো মানুষকে সুবিধা দেওয়ার জন্যই এই নতুন বাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৩৭ ঘ.