চট্টগ্রাম, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের এক গ্রামে গণপিটুনির শিকার হয়ে এক অটোরিকশা ছিনতাইকারী মারা গেছে।
জেলার আনোয়ারা উপজেলার বারখাইনে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে পালাতে গিয়ে গণপিটুনির শিকার হয় তিন ছিনতাইকারী। আহত দুই ছিনতাইকারীকে পুলিশ আটক করেছে।
নিহতের নাম জীবন। আহত ইরান ও রোজিনা আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অটোরিকশাচালক আনোয়ার চমেক হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় পুলিশ জানাতে পারেনি।
রাজধানীর অদূরে আমিনবাজারে ছয় ছাত্রকে এবং নোয়াখালীতে ছয়জনকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা।
আনোয়ারা থানার ওসি মো. শাহাজাহান জানান, রোববার বারখাইন এলাকার ধরাপুকুর থেকে যাত্রী হিসেবে অটোরিকশায় ওঠার পর তিন ছিনতাইকারী চালককে ছুরিকাঘাত করে গাড়ি থেকে ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
"এ সময় চালকের চিৎকারে এলাকাবাসী তিনজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।"
সোমবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে জীবনের মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম।
ওসি শাহজাহান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যামামলা করেছে। এছাড়া অটোরিকশার মালিক একটি ছিনতাই মামলা করেছেন।
ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএম/পিডি/১৮২২ ঘ.
bdnews24