মৌলভীবাজার, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় লোকালয়ে এসে ধরা পড়েছে একটি লজ্জাবতী বানর। বিপন্ন প্রজাতির এই প্রণীটিকে রোববার বড়লেখার কেছরিগুলের গহীন অরণ্যে ছেড়ে দেওয়া হয়।
বনবিভাগের জুরি রেঞ্জ-২ কার্যালয়ের বিট কর্মকর্তা মনিরুল হক সাংবাদিকদের জানান, রোববার সকালে বনবিভাগের রেঞ্জ অফিসের কাছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মইন উদ্দিনের বাড়ি থেকে লজ্জাবতী বানরটি আটক করা হয়।
মইন পরে বানরটিকে ফরেস্ট গার্ড রাসেন্দ্র কুমার দেবের কাছে হস্তান্তর করেন।
বিকালে লজ্জাবতী বানরটিকে বনবিভাগের বড়লেখা বিটের কেছরিগুলের গহীন অরণ্যে ছেড়ে দেওয়া হয় বলে মনিরুল হক জানান।
এর আগে গত বৃহস্পতিবার উপজেলার কুইয়াছড়ির আলমপুরে আরেকটি লজ্জাবতী বানর গ্রামবাসীর হাতে ধরা পড়ে। ওইদিনই সেটিকে উদ্ধার করে সংরক্ষিত বনের মাধবকুণ্ড বিটে ছেড়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০১০৩ ঘ.
bdnews24