ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে ভূমি কমিশনের সদস্যদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
এর বিরোধিতা করে কমিশনের সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, আইন সংশোধনের আগ পর্যন্ত এই কমিশনে গিয়ে কোনো লাভ নেই।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, "পার্বত্য চট্টগ্রামে ভূমি-বিরোধ নিষ্পত্তি জন্য কমিশনের চেয়ারম্যান সভা ডাকলেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর সদস্যরা তাতে উপস্থিত হন না। এতে বিরোধ নিষ্পত্তি হচ্ছে না।"
এ বিষয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর সদস্যদের সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, "পাঁচ সদস্যের কমিশনের চেয়ারম্যান একজন বাঙালি। বাকি সদস্যদের মধ্যে আপনারা তিনজন। আপনারা এগিয়ে না এলে কীভাবে সমাধান হবে?"
মন্ত্রীর বক্তব্যের জবাবে সন্তু লারমা বলেন, "এই কমিশন গঠনের পর ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য যে আইন করা হয়েছে তা আমরা সংশোধনের প্রস্তাব দিয়েছি। কিন্তু সরকার তাতে কান দেয়নি। এ কারণেই সভায় যাওয়া হয় না।"
বক্তব্যের এক পর্যায়ে সন্তু লারমাকে থামিয়ে মন্ত্রী প্রশ্ন করেন, "আপনারা কমিশনের চেয়ারম্যানকে এসব কথা বলেন না কেন?"
সন্তু লারমা বলেন, "এটা চেয়ারম্যানের বিষয় নয়। সরকারকে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। তা না হলে ভূমি বিরোধের নিষ্পত্তি হবে না।"
২০০৯ সালের জুলাই মাসে ভূমি কমিশন পুনর্গঠনের পর পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য জরিপ চালানোর উদ্যোগ নেওয়া হয়। তবে জনসংহতি সমিতিসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংগঠন, সুশীল সমাজ, তিনটি সার্কেলের প্রধানরা (তিন রাজাসহ) এর বিরোধিতা করে। তাদের বক্তব্য, ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তির সঙ্গে সামঞ্জস্যহীন এই ভূমি কমিশন আইন সংশোধন করা না হলে এই জরিপ সফল হবে না।
ভূমি কমিশন এরপরও ভূমি বিরোধ নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে দরখাস্ত আহ্বানসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যায়। এরপর চলতি বছর মে মাসে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে একটি চিঠি দিয়ে জানান, ভূমি কমিশন আইন সংশোধন না হওয়া পর্যন্ত কমিশনের কার্যক্রম বন্ধ থাকবে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গত ২৪ জুন এক অনুষ্ঠানে বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন সংশোধন করে শিগগিরই কমিশনের কার্যক্রম শুরু করা হবে।
'স্বীকৃতির বিতর্ক'
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর 'সংজ্ঞায়ন' বিষয়ে আইনমন্ত্রী সেমিনারে বলেন, সরকার সংবিধান সংশোধনের ক্ষেত্রে এসব ক্ষুদ্র গোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য ও তাদের অধিকার রক্ষার বিষয়ে গুরুত্ব দিয়েছে। তবে আইএলও সনদ অনুযায়ী তাদের আদিবাসী বলা যায় না। তাই সংবিধানে তাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়েছে।
আগে সংবিধানে এসব ক্ষুদ্র গোষ্ঠীকে 'উপজাতি' হিসেবে উল্লেখ করা হলেও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তাদের উল্লেখ করা হয়েছে 'ক্ষুদ্র নৃ-গোষ্ঠী' হিসেবে। তাদের 'আদিবাসী' স্বীকৃতি না দেওয়ায় বাম রাজনৈতিক দলগুলোসহ বিভিন্ন সংগঠন সরকারের সমালোচনা করে আসছে।
এ বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেন সন্তু লারমা বলেন, "এটা সত্যি, সরকার প্রথমবারের মতো সংবিধানে আমাদের জাতিসত্ত্বার পরিচয় তুলে ধরেছে। কিন্তু তাতে আমাদের আসল পরিচয় থেকে বঞ্চিত করা হয়েছে।"
"ফের সংবিধান সংশোধনের সময় এ বিষয়ে সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলেই আশা করি আমরা," যোক করেন তিনি।
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ খ ম মোজাম্মেল হক বলেন, "পার্বত্য শান্তি চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত হলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অনেক সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু দুঃর্ভাগ্য, বিগত সরকারগুলো এ চুক্তির বিরোধিতা করায় পার্বত্য অঞ্চলের মানুষ এর সুফল ঠিকমতো পায়নি।"
ওই অঞ্চলের মানুষের ভূমি, ভাষা ও ঐতিহ্য রক্ষায় সরকারকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ আদিবাসী ফোরাম 'ন্যাশনাল কনফারেন্স অন দি ল্যাণ্ড, ফরেস্ট অ্যাণ্ড কালচারাল রাইটস অফ ইনডিজিনিয়াস পিপলস' শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে।
অন্যদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং সম্মেলনে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/০০৫০ ঘ.
bdnews24