ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের বদরগঞ্জে সালিশের মাধ্যমে গৃহবধূ নির্যাতনে জড়িত থাকার অভিযোগে নতুন করে আরো চার জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রোববার নির্যাতিত দুই গৃহবধূর বক্তব্য শোনার পর বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর বেঞ্চ ২১ অগাস্টের মধ্যে এ সংক্রান্ত অগ্রগতির প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছে।
দুই গৃহবধূ শাহিদা বেগম ও হাফিজা বেগম হ্যাপি তাদের ওপর নির্যাতনের বিবরণ দেওয়ার পাশাপাশি ওই ঘটনার বেশ কিছু ছবি আদালতকে দেখান।
হাইকোর্ট এ সব ছবি এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে দাখিল করতে পুলিশকে নির্দেশ দিয়েছে। পাশাপাশি ছবিতে চিহ্নিত 'মোটকা' এনামুল, বাবলু, মহিবুল ও পবাকে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্যাতিত হওয়ার পর দুই গৃহবধূ দিনাজপুর মেডিকেল সার্ভিসেস নামে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসা নেন। ২১ অগাস্টের মধ্যে তাদের চিকিৎসা সনদ দেওয়ার জন্য ক্লিনিক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওইদিন আবার এ মামলার শুনানি হবে।
বদরগঞ্জে সালিশ বৈঠকে দুই গৃহবধূকে নির্যাতনের খবর গত ৭ জুলাই পত্রিকায় প্রকাশিত হলে গত ২৪ জুলাই হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে।
ওই ঘটনায় দায়ের মামলায় বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল রউফ মণ্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাহেদ আলী, ইউপি সদস্য ইলিয়াস আলী, মাদরাসা শিক্ষক সেকান্দার আলী, মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হক এবং সালিশে উপস্থিত এনামুল হক ও এনামুল হোসেনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২৩৫৭ ঘ.
bdnews24