২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শুধু রুটি খেয়ে দিন কেটেছে'

সাড়ে পাঁচ মাসের বন্দিদশায় পাহাড়ি গুহায় দু'বেলা শুকনো রুটি খেয়ে জীবন কেটেছে পাঁচ বাংলাদেশির। তাদের সঙ্গে কথা বলে জানাচ্ছেন শহীদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 04:26 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে অপহরণের সাড়ে সাত মাস পর মুক্তি পেয়ে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি। সাড়ে পাঁচ মাসের বন্দিদশায় পাহাড়ি গুহায় দু'বেলা শুকনো রুটি খেয়ে থাকতে হয়েছে তাদের। রোববার সকাল পৌনে ৯টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এই পাঁচজন। গত বছরের ১৭ ডিসেম্বর বলখ প্রদেশের মাজার-ই-শরিফ এলাকা থেকে তাদেরকে অপহরণ করে বন্দুকধারীরা। দেশে ফেরার পর তাদের কথায় উঠে আসে সেইসব দিনের কথা। কখনো নির্জন পাহাড়ের গুহায়, আবার কখনো নিভৃত গ্রামের ঘরে আটক থেকে মানসিক কষ্টে কেটেছে তাদের প্রতিটি দিন। টাঙ্গাইলের মো. আমিনুল ইসলাম, মো. শফিকুল আলম ও মো. লাভলু রহমান, রাজশাহীর মাহবুব আলী এবং চট্টগ্রামের মো. ইমাম উদ্দিন এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাদেরকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। মুক্তিপ্রাপ্ত লাভলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ১৬ ডিসেম্বর রাত ৮টার দিকে ২০ থেকে ২২ জন অস্ত্রধারী তাদের কোম্পানিতে হামলা চালায়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গোলাগুলির পর বন্দুকধারীরা তাদের ধরে নিয়ে যায়। তিনি জানান, বলখ প্রদেশের মাজার-ই-শরিফ থেকে এক কিলোমিটার দূরে বায়বোগা এলাকায় নিয়ে একটি ঘরে সবাইকে আটকে রাখা হয়। পরদিন সারারাত হাঁটিয়ে সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় অন্য একটি গ্রামে। "পরের দিন সকালে চোঁখ বেধে নিয়ে যাওয়া হয় নির্জন একটি পাহাড়ের গুহায়। সেখানে বেশ কিছু দিন অবস্থানের পর আবারো আগের গ্রামে ফিরিয়ে নেওয়া হয়। অপহরণের পর চার দফা জায়গা বদল হয়" বলেন লাভলু। তিনি জানান, সামহোয়ান কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিলেন তারা। এ প্রতিষ্ঠানের অর্থায়নেই তারা দেশে ফিরেছেন। চট্টগ্রামের মো. ইমাম উদ্দিন জানান, পাঁচজনকে একসঙ্গে একটি ঘরে রাখা হতো। দুবেলা শুকনো রুটি খেতে দেওয়া হতো। নামাজ পড়া ছাড়া অন্য কোনো কাজ ছিলো না তাদের। মুক্তি পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "গত ২ অগাস্ট একটি গাড়িতে করে গ্রাম থেকে ১৫ কিলোমিটারের মতো দূরত্বের একটি নির্জন জায়গায় আমাদের নামিয়ে দেওয়া হয়। সামনে এগোলে আমরা আমাদের লোকের দেখা পাবো বলে জানায় অপহরণকারীরা। এভাবে আমরা মুক্ত হই।" কেন অপহরণ করা হয়েছিলো জানতে চাইলে শফিকুল আলম বলেন, "বাংলাদেশি হয়ে আমরা আফগানিস্তানে রাস্তার কাজ করায় তারা ক্ষুব্ধ হয়ে আমাদের অপহরণ করে বলে জানায় অপহরণকারীরা। কোনো দিন দেশে ফিরতে পারবো ভাবিনি।" "আর কখনো বিদেশে যাবো না", বলেন শফিকুল। মুক্তিপ্রাপ্ত আমিনুলের ভাই শাহীনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টাঙ্গাইলের বাগুটিয়া গ্রামের পাঁচজন আফগানিস্তানে একসঙ্গে কাজ করতেন। এদের মধ্যে তিনজন ১৬ ডিসেম্বর রাতে একসঙ্গে ছিলেন। তিনি বলেন, ওই তিন জনসহ সাত বাংলাদেশিকে বন্দুকধারীরা তুলে নিয়ে গেলেও মজিবুর নামের একজনকে রাস্তায় ফেলে যায়। মুক্তির চার দিন পরেই দেশে ফেরেন মজিবুর। আটকের দুদিন পর ছাড়া পান আরো একজন। ওই রাতে বন্দুকধারীদের হামলায় কাজী আলতাফ হোসেন নামের এক বাংলাদেশি ক্রাশার ম্যাশিন অপরেটর মারা যান। মুক্তিপ্রাপ্ত পাঁচ বাংলাদেশির জন্য রোববার সকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করেন তাদের পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজনরা। প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/জিএনএ/২২১৮ ঘ.