রংপুর, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলের মাঠে পাট শুকাতে নিষেধ করায় এক স্কুল শিক্ষককে পিটিয়ে আহত করেছে এক সন্ত্রাসী।
রোববার সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের গাড়ালচৌকি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্কুল কর্তৃপক্ষের নিষেধ সত্বেও এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাহবুবুল আলম লাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাঠে পাট শুকাতে যায়। স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মজিদ তাকে পাট শুকাতে নিষেধ করেন।
লাল নিষেধ অমান্য করে তার সঙ্গে তর্কে লিপ্ত হয় এবং এক পর্যায়ে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
মিঠাপুকুর থানার ওসি আরমান আলী বলেন, আসামিকে গ্রেপ্তারে পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১১৮ ঘ.
bdnews24