২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভরা বর্ষায়' চার নদীর চিহ্নায়ন

বিতর্কিত এলাকা বাদ দিয়ে 'ভরা বর্ষায়' নদীর পানির অবস্থান অনুযায়ী ঢাকার চারপাশের চারটি নদীর সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিতর্কিত এলাকা বাদ দিয়ে 'ভরা বর্ষায়' নদীর পানির অবস্থান অনুযায়ী ঢাকার চারপাশের চারটি নদীর সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করা হবে। বিতর্কিত এলাকায় পিলার বসানোর ক্ষেত্রে সর্বশেষ দুটি জরিপের (সিএস ও আরএস) মধ্যে কোনটি প্রয়োগ করা হবে, তা স্পষ্ট করতে আদালতের নির্দেশনা চাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে টাস্কফোর্স সভাপতি মন্ত্রী শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান সাংবাদিকদের জানান, ঢাকা শহরের খাল দখলমুক্ত, স্যুয়ারেজ লাইন স্থাপন, শিল্প এলাকায় নদী দূষণ রোধ এবং বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) ব্যবহারের বিষয়ে আলোচনা হয়। এ ব্যাপারে আগামী মাসে শিল্প মন্ত্রণালয়, ঢাকা সিটি কর্পোরেশন, ওয়াসা, রাজউকসহ সংশ্লিষ্টদের নিয়ে সভা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় আরো বলা হয়, এ পর্যন্ত ১৫০টি শিল্প প্রতিষ্ঠানে নতুন ইটিপি (বর্জ্য শোধনাগার) সংযোজিত হয়েছে। ইটিপি ব্যবহার নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ করতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়। সভায় ওয়াসা কর্তৃপক্ষ জানায়, ঢাকা ওয়াসা কাটাসুর খাল, কল্যাণপুর 'ক' খাল, কল্যাণপুর প্রধান খাল, উলন খালের উচ্ছেদের পর উদ্ধার করা জায়গায় খাল কেটে পাড় বাঁধাইয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। কল্যাণপুর 'ক' খালের ৪৮০ মিটার কেটে পাড় বাঁধাইয়ের জন্য ৮০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও ঢাকার খাল উদ্ধার ও সুরক্ষায় ওয়াসার অনুকূলে অর্থ মন্ত্রণালয় আট কোটি ২০ লাখ টাকা মঞ্জুর করেছে। সভায় ভূমিমন্ত্রী রেজাইল করিম হীরা, সংসদ সদস্য আকম মোজাম্মেল হক ও মেহের আফরাজ চুমকী, সংশ্লিষ্ট সচিব ও সংস্থা প্রধান এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/পিডি/২০৫১ ঘ.