২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্যবাহী গাড়ি মালিকদের ধর্মঘট প্রত্যাহার

পণ্য পরিবহনকারী গাড়ির মালিকরা সোমবার থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পণ্য পরিবহনকারী গাড়ির মালিকরা সোমবার থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে। ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সি মালিক ঐক্য পরিষদের সদস্য সচিব আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার সন্ধ্যায় এ কথা জানিয়েছেন। তিনি বলেন, "ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে এক বৈঠকে রাজধানীতে রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত ট্রাক ও কভার্ড ভ্যান চলাচলের দাবি পুলিশ মেনে নিয়েছে।" দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য আনা-নেওয়ার গাড়িগুলো রাজধানীতে রাত ১০টা থেকে পরবর্তী সকাল ৮টা পর্যন্ত চলাচল করতে পারে। বৈঠকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মিলি বিশ্বাস, যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান, পরিবহন সমিতির উপদেষ্টা ইকবাল মাহমুদ, অরুণ বণিক ও আহ্বায়ক আমান উল্লাহ উপস্থিত ছিলেন। আব্দুল মান্নান জানান, মহাসড়কে ছিনতাই ও হয়রানি বন্ধে আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশের মহাপরির্দশকের সঙ্গে বৈঠক হবে বলে আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার। পণ্যবাহী গাড়ি ছিনতাই ও পুলিশি হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে সোমবার থেকে সারাদেশে পরিবহন ধর্মঘটের ডেকেছিলো ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সি মালিক ঐক্য পরিষদ। সংশ্লিষ্টরা জানায়, সারাদেশে ওষুধ, বৈদ্যুতিক, ইলেক্ট্রনিক্স ও মুদি দোকানের পণ্য পরিবহন করে এ সংগঠন। সংগঠনের অন্য দাবির মধ্যে রয়েছে- পণ্য খালাস শেষে গাড়ি বের হতে কিংবা পণ্য নিয়ে ঢুকতে নির্ধারিত সময়ের চেয়ে বিলম্ব হলে বাবুবাজার বেড়িবাঁধ, বাইবাস ও বুড়িগঙ্গা সেতু দিয়ে চলাচলের সুযোগ এবং পুরাতন ঢাকায় টার্মিনাল না থাকায় বেড়িবাঁধ ও বুড়িগঙ্গা সেতুর পাশে কিছু গাড়ি রাখতে দেওয়ার সুযোগ দেওয়া। গত ছয় মাসে ১০টি পণ্যবাহী গাড়ি ছিনতাই এবং ৬০টি গাড়ির ত্রিপল কেটে প্রায় ৩০ কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে সমিতির দাবি। সমিতির বক্তব্য অনুযায়ী, এ ধরনের ঘটনা বেশি ঘটছে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়া, নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ, কুমিল্লার দাউদকান্দি, চৌদ্দগ্রাম এবং চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড এলাকায়। সমিতির নেতারা জানান, প্রতিদিন তাদের প্রায় ১ হাজার ট্রাক পণ্য নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে আসা-যাওয়া করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯৪৮ ঘ.