মুন্সীগঞ্জ, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ভুইরা গ্রামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
রোববার দুপুরে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত সোনিয়া আক্তার (২০) উপজেলার আবিরপাড়া গ্রামের কৃষক হালেম শেখের মেয়ে। যৌতুকের দাবিতে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এই ঘটনার পর থেকে তার স্বামী রাকিব হাসান (২৮) পলাতক রয়েছে।
সোনিয়ার মা মিনু বেগম সাংবাদিকদের জানান, সাত মাস আগে বয়রাগাদী ভুইরা গ্রামের বাস চালক রাকিব হাসানের সঙ্গে সোনিয়ার বিয়ে হয়। বিয়ের ক'দিন পরই ৩৬ হাজার টাকা দেওয়া হয়। দু'মাস আগে আরো আট হাজার টাকা যৌতুক দাবি করে রাকিব। এর মধ্যে তিন হাজার টাকা দেওয়া হয়। বাকী পাঁচ হাজার টাকার জন্য সোনিয়ার ওপর নির্যাতন করা হতো। মাঝে মধ্যে টাকার জন্য তাদের বাড়িতে পাঠাতো। এই নিয়ে ঝগড়ার এক পর্যায়ে শনিবার রাতে সোনিয়াকে গলা টিপে হত্যা করে রাকিব।
সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান জানান, লাশের গলায় শ্বাসরোধের স্পষ্ট চিহ্ন রয়েছে।
এ ঘটনায় সোনিয়ার বাবা হালেম শেখ সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৯২৫ ঘ.
bdnews24