২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে শিশুর মৃতদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলায় মুন্নি (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 01:17 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

মানিকগঞ্জ, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ সদর উপজেলায় মুন্নি (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার কাপাটিয়া গ্রামের নানা বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। একই উপজেলার চরবালিরটেক গ্রামের মান্নান মোল্লার মেয়ে মুন্নি তার নানা হযরত আলীর বাড়িতে থাকতো। পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ মুন্নিকে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বছর দুয়েক আগে জমি নিয়ে বিরোধে হযরত আলীর সঙ্গে প্রতিবেশী কফিল উদ্দিন, জয়নাল ও আয়নালের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে আয়নাল নিহত হয়। এই ঘটনায় হযরত আলীসহ কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় হযরত আলী বর্তমানে কারাগারে আছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার মৈত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে রোববার সকাল ১১টার দিকে হযরত আলীর বাড়ি থেকে মুন্নির লাশ উদ্ধার করা হয়। এ সময় মুন্নির গালে সাদা ফেনা ও গলায় কালো দাগ ছিল। তিনি জানান, মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে মুন্নির বাবা মান্নান মোল্লা মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ দায়েরের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯১৫ ঘ.