ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোটগত শক্তি বাড়াতে বিভিন্ন দলকে বিএনপি পাশে পেতে চাইলেও এখন পর্যন্ত কার্যত অলি আহমদের এলডিপিকেই পাচ্ছে দলটি।
সরকারবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে থাকার ঘোষণা দেওয়ার পর এলডিপি-প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বিভিন্ন বিষয়ে বিএনপির সঙ্গেই থাকছেন।
গত ৪ অগাস্ট তিনি খালেদা জিয়ার দেওয়া ইফতার অনুষ্ঠানে যোগ দিলেও শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ইফতারে যোগ দেননি। এদিনই জামায়াতের ইসলামীর ইফতারে যোগ দেন অলি। আমন্ত্রণ থাকলেও এদিন প্রধানমন্ত্রীর ইফতারে যোগ না দিয়ে চার দলের শরিক জামায়াতের ইফতারে অংশ নেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও।
জোটের শক্তি বাড়াতে বিএনপি এলডিপির পাশাপাশি বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর সঙ্গেও আলোচনা করেছে।
তবে ওই দুই নেতা তাদের অবস্থান এখনো স্পষ্ট করেননি। বদরুদ্দোজা ও কাদের সিদ্দিকী বিরোধীদলীয় নেতা এবং প্রধানমন্ত্রীর দেওয়া দুই ইফতারেই অংশ নিয়েছেন। তারা দুজনই বলেছেন, বিএনপির সঙ্গে জোট বাঁধা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বিএনপির সঙ্গে থাকার কথা গত ২০ জুলাই সাংবাদিকদের জানান অলি আহমদ।
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটে জামায়াতে ইসলামীর থাকা প্রসঙ্গে অলি সেদিন বলেন, "আওয়ামী লীগের সঙ্গে জামায়াত থাকলে তারা পাক-পবিত্র। আর আমার সঙ্গে থাকলে নাপাক। এ ধারণা কেন। জামায়াতে ইসলামীর সব লৈাক মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি। গুটিকয়েক লোক যুদ্ধের বিরোধিতা করেছে।
"এখন যারা ওই দলটিতে আছে তাদের বয়স ৪০ বছরের নিচে। তারা কেউ যুদ্বাপরাধী নয়।"
বিগত চারদলীয় জোট সরকার ক্ষমতা ছাড়ার একদিন আগে ২০০৬ সালে ২৬ অক্টোবর দল থেকে পদত্যাগ করেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য অলি। এরপর সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারাকে নিয়ে নতুন দল এলডিপি গঠন করেন। তবে কিছুদিনের মধ্যেই তারা আবার আলাদা হয়ে যান।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ২০০২ সালের জুন মাসে দলের চাপে পদত্যাগে বাধ্য হন বদরুদ্দোজা চৌধুরী। ওই বছরই অগাস্টে বিকল্প ধারা গঠন করেন বিএনপির এই প্রতিষ্ঠাতা মহাসচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/০১৪৭ ঘ.
bdnews24