নরসিংদী, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের টাকা এনে না দেওয়ায় নরসিংদীর মনোহরদী উপজেলায় এক গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার গভীর রাতে রসুলপুর ঋষিপাড়ায় অগ্নিদগ্ধ শিল্পী দাসকে (১৮) নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাত মাস আগে সদর উপজেলার শিল্পী দাসের সঙ্গে মনোহরদীর রসুলপুর গ্রামের বরুণ চন্দ্র মনিদাসের বিয়ে হয়।
এর আগে বরুণ আরো দু'টি বিয়ে করে যা শিল্পী জানতো না।
শুক্রবার রাতে শিল্পীর মামা শ্বশুর কৃষ্ণ দাস রসুলপুর এসে বরুনের আগের এক স্ত্রীর বিষয়টি মীমাংসার জন্য বাবার কাছ থেকে ২০ হাজার টাকা এনে দিতে বলে শিল্পীকে।
এতে শিল্পী অপারগতা প্রকাশ করলে স্বামী বরুণ দাস ও শাশুড়ি ছন্নমায়া দাস শিল্পীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়।
মনোহরদী থানার ওসি সাইদুর রহমান বলেন, এ ঘটনায় শিল্পীর মামা সুকুমার দাশ বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।
আসমিরা হলেন শিল্পীর স্বামী বরুণ দাশ, শাশুড়ি ছন্নমায়া দাস, মামা শ্বশুর কৃষ্ণ দাশ, বরুণের ভাগ্নি অনিতা রানী দাশ।
এরমধ্যে কৃষ্ণ দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৭ ঘ.
bdnews24