রাজবাড়ী, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ত্রুটির কারণে সর্বশেষ ফেরিটি বিকল হওয়ায় রাজবাড়ীর জৌকুড়া থেকে পাবনার নাজিরগঞ্জ ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
শনিবার দুপুরে এই রুটে চলাচলকারী সর্বশেষ ফেরি ইউলিটি-৩৪ বিকল হয়ে যায়। এর আগে বন্ধ হয় ইউটিলিটি-১৮ ও ইউটিলিটি-২৬।
এই রুটের যানবাহনগুলোকে বহু পথ ঘুরে কুষ্টিয়া হয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলে যাতায়াত করতে হচ্ছে।
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মির্জা নুরুল কবির জানান, ইউলিটি ফেরি-৩৪ এর পাম্পের চাকার বেল্ট খুলে যাওয়ায় যানবাহন পারাপার করতে না পারার কারণে ফেরিটি বন্ধ করা হয়।
এ কারণে যানবাহনগুলোকে একশ' কিলোমিটার পথ ঘুরে কুষ্টিয়া হয়ে যাতায়াত করতে হচ্ছে।
নুরুল কবির বলেন, ফরিদপুর ফেরি বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশল দপ্তরে বিষয়টি জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। দুয়েকদিনের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরো জানান, জৌকুড়া-নাজিরগঞ্জ ফেরিরুটে তিনটি ফেরি আছে। এরমধ্যে ইউটিলিটি-১৮ বন্ধ হয়েছে এক বছর আগে এবং ইউটিলিটি-২৬ বন্ধ হয় দুই সপ্তাহ আগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৪ ঘ.
bdnews24