২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতাদের সঙ্গে ইফতারে খালেদা

জামায়াত নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শনিবার রাজধানীর রূপসী বাংলার উইন্টার গার্ডেনে রাজনীতিবিদদের সম্মানে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার পার্টিতে বিরোধীদলীয় নেতা অংশ নেন। খালেদা জিয়াকে স্বাগত জানান জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। ইফতারের আগে কারাবন্দি আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি জেনারেল এম কামরুজ্জামান, আবদুল কাদের মোল্লা ও নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে বিশেষ মোনাজাত করেন দলের নায়েবে আমীর আবদুস সুবহান। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের এ পাঁচ শীর্ষনেতা কারাগারে আটক রয়েছেন। মোনাজাতে সরকারবিরোধী আন্দোলন সফল করতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দলের আমীর মতিউর রহমান নিজামীসহ দলের পাঁচ শীর্ষ নেতাকে 'তথাকথিত যুদ্ধাপরাধ' মামলায় ১৩ মাস ধরে আটক রাখা হয়েছে অভিযোগ করে ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ বলেন, তারা আজ মুক্তভাবে রোজা রাখা থেকে বঞ্চিত হচ্ছেন। ইফতারে খালেদা জিয়ার সঙ্গে একই টেবিলে বসেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, চার দলের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির শেখ শওকত হোসেন নিলু, ন্যাপ এর জেবেল রহমান গানি, লেবার পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানসহ সমমনা দলের শীর্ষ নেতারা। ইফতারে চার দলের সমমনা রাজনৈতিক দলের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি-ভাসানী, মুসলিম লীগ, লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামিক পার্টি প্রভৃতি দলের শীর্ষ নেতারা অংশ নেয়। বিএনপির নেতাদের মধ্যে ছিলেন- দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, সহসভাপতি টি এইচ খান, সেলিমা রহমান, রাজিয়া ফয়েজ, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাজবুব হোসেন, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, আইন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হামিদুল্লাহ খান, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ দলীয় সংসদ সদস্য কেন্দ্রীয় নেতারা। এছাড়া কবি আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ, সাবেক সচিব শাহ আবদুল হান্নান, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহিদ, ড্যাব মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৯৪৪ ঘ.