কে এম রায়হান কবীর
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
শরীয়তপুর, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপুর এ এইচ পি পাবলিক উচ্চ বিদ্যালয়ের জায়গা দখল করে একটি প্রভাবশালী মহল মার্কেট ও ভবন নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্কুলটির প্রায় ৪০ শতাংশ জমি এই রাজনৈতিক প্রভাবশালীরা দখল করে নিয়েছেন বলে অভিযাগ করেন স্কুলের ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় এলাকাবাসী।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাফর সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুলের রেকর্ডকৃত জমি প্রভাবশালীরা দখল করে নিয়ে গেছে। সেখানে থাকা একটি শতবর্ষী আম গাছও কেটে নিয়েছে তারা।
তিনি বলেন, প্রভাবশালীরা আগে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এখন তারা আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত।
জমি ফেরত পাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। দু'একদিনের মধ্যে স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে মামলা দায়ের করবে বলে জানান আবু জাফর।
অপরদিকে অভিযুক্ত খলিলুর রহমান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার পূর্ব পুরুষ এই স্কুলের জমি দান করেছেন। চন্দ্রপুর ইউপি'র সাবেক চেয়ারম্যান হালিম মোল্লা স্কুলের জায়গায় সীমানা প্রাচীর টেনেছেন। সীমানার বাইরে নিজস্ব সম্পত্তিতে মার্কেট নির্মাণ করছেন বলে তিনি দাবি করেন।
তবে সাবেক চেয়ারম্যান আবদুল হালিম মোল্লা বলেন, খলিলুর রহমান সিকদার ও গফুর মাদবরসহ প্রভাবশালীরা স্কুলের সম্পত্তি দখল করে নিয়েছে। আমরা নিষেধ করেছি তারা শোনেনি।
সরজমিনে জানা যায়, স্কুলটি ১৯৭১ সালে ২ একর ৩৭ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত হয়। এই জমি শিকদার পরিবারের দান করা। ২০০৯ সালে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ২ লাখ টাকা ব্যয়ে স্কুলের পূর্বপাশে প্রায় ১৭ শতাংশ জায়গা ভরাট করে স্কুল কমিটি।
এই ভরাট করা ১৭ শতাংশ জায়গাসহ প্রায় ৪০ শতাংশ জায়গায় দোকান ও ভবন নির্মাণ করতে দেখা গেছে। দখলকারীরা প্রভাবশালী হওয়ায় এলাকায় অনেকেই তাদের সম্পর্কে মুখ খুলতে চান না।
জমি রক্ষার জন্য স্কুল কর্তৃপক্ষ জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মাধামিক শিক্ষা কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
ইউএনও শামীমা ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ পেয়েছি। আমরা দু'একদিনের মধ্যে বিষয়টি তদন্তে যাব।
স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রশীদ খান বলেন, জায়গাটা রেকর্ড পত্র অনুযায়ী স্কুলের। কীভাবে তারা দখল করলো আমরা জানি না।
সরেজমিনে গেলে এলাকার অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান, বাজার মসজিদের পাশে থাকা স্কুলের জায়গা দখল করে মার্কেট, দোকানপাট নির্মাণ করেছে ওই প্রভাবশালীরা।
নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন, চন্দ্রপুর এলাকার মো. মোসলেম শিকদার (৭০) খলিল শিকদার ও গফুর মাদবরসহ কতিপয় প্রভাবশালী ব্যক্তি স্কুলের জায়গা দখল করে মার্কেট ও ঘর নির্মাণ করছে। তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ কোনো কথা বলছে না।
স্থানীয় আনোয়ার হোসেন হাওলাদার (৫০) জানান, স্কুলের সম্পত্তি শিকদারদের পুর্ব পুরুষেরা দান করেছিলো। বর্তমানে তারাই দখল করে ঘর, দোকানপাট ও মার্কেট তুলছে।
শরীয়তপুরের জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন বলেন, স্কুলের জায়গা দখলের বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭২৩ ঘ.
bdnews24