মুন্সীগঞ্জ, অগাস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সদর উপজেলায় আশিক চৌধুরী (১০) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ফিরিঙ্গিবাজার গ্রামে আশিকের নানা বাড়ির একটি পরিত্যক্ত টয়লেট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আশিক বিনোদপুর স্কুলের পঞ্চম শ্রেণীতে পড়তো। তার বাবার নাম জীবন চৌধুরী। বাড়ি ব্রহ্মণবাড়িয়ায় ফিরিঙ্গিবাজারে শ্বশুড়বাড়িতেই পরিবার নিয়ে থাকেন তিনি।
মুক্তারপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম মিয়া জানান, আশিকের মামা রহমতউল্লাহ ও বাবা জীবন চৌধুরী বৃহস্পতিবার রাতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় আশিককে পড়ার টেবিলে দেখে যান। কিন্তু রাতে তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। সকালে একটি পরিত্যক্ত টয়লেটে তার লাশ পাওয়া যায়।
সেলিম মিয়া বলেন, "শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করা হয়।"
এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৮২৫ ঘ.
bdnews24