২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ডাকাতি, শতাধিক ভরি স্বর্ণালঙ্কার লুট

সাভারের আশুলিয়ার তৈয়বপুর গ্রামে বৃহস্পতিবার রাতে এক স্বর্ণ ব্যবসায়ীসহ দু'জনের বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 11:52 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

সাভার, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ার তৈয়বপুর গ্রামে বৃহস্পতিবার রাতে এক স্বর্ণ ব্যবসায়ীসহ দু'জনের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় ওই দুই পরিবারের আটজন আহত হন। স্বর্ণ ব্যবসায়ী তুষ্ট চন্দ্র দাসের বাড়ি থেকে ৩০০ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটের দাবি করেন পরিবারের সদস্যরা। তবে পুলিশ বলছে তাদের বাড়ি থেকে লুট করা স্বর্ণের পরিমাণ দেড়শ' ভরি। জিরাব বাজারের রমা জুয়েলার্স'র মালিক তুষ্ট চন্দ্র দাসের ছেলে আশুতোষ চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া একটার দিকে ২০/২৫ জন ডাকাত তাদের বাড়ির কলাপসিবল গেইটের তালা কেটে ও দরজা ভেঙে ভিতরে ঢোকে। বাড়ির সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি থেকে ৩০০ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সেট ও নগদ টাকা লুটে নেয়। এতে বাধা দেওয়ায় তাদের হামলায় তিনি নিজে, তার স্ত্রী সীমা দাস ও বাবা তুষ্ট চন্দ্র দাস আহত হন। আশুতোষ জানান, দোকানে চুরি হওয়ার ভয়ে তারা স্বর্ণ বাড়িতে নিয়ে আসেন। তিনি অভিযোগ করেন, রাতেই থানায় খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ আসে শুক্রবার দুপুরে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গেছে। পুলিশ কর্মকর্তা আরো জানান, ডাকাতরা ওই বাড়ি ছাড়াও পাশের কাশেম আলীর বাড়ি থেকে প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে। কাশেম আলী জানান, ডাকাতদের নিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণে তার ভাই জসিম উদ্দিন ও ইদ্রিস আলী আহত হয়েছেন। এছাড়া লাঠিপেটায় তিনি, তার মেয়ে শিল্পী ও স্ত্রী রেহেনা আক্তার আহত হন। আশুলিয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হওয়া স্বর্ণের পরিমাণ ৩০০ ভরি নয়, দেড়শ' ভরি। এ দু'টি ডাকাতির ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৫০ ঘ.