২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাপিয়া কারাগারে, হেফাজতের শুনানি সোমবার

আদালতে হট্টগোলের মামলায় গ্রেপ্তার সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াসহ তিন আইনজীবিকে জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। তাদের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদনের ওপর সোমবার শুনানির দিন রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 10:32 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে হট্টগোলের মামলায় গ্রেপ্তার সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াসহ তিন আইনজীবিকে জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। তাদের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদনের ওপর সোমবার শুনানির দিন রাখা হয়েছে। বিএনপি নেত্রী সংসদ সদস্য পাপিয়া, গাজী তৌহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক রাজনকে শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করার পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। ওই তিন আইনজীবীর কৌঁসুলি সানাউল্লাহ মিয়া জানান, প্রয়োজনীয় নথিপত্র না থাকায় মুখ্য মহানগর হাকিম শাহাদাত হোসেন রিমান্ড আবেদনের শুনানির জন্য ৮ অগাস্ট (সোমবার) তারিখ দিয়েছেন। সংবিধান নিয়ে কটূক্তির অভিযোগে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানি হয় মঙ্গলবার। ওই শুনানিতে খালেদা জিয়ার নাম এলে আদালতে ব্যাপক হট্টগোল হয়। বিএনপিপন্থী ১৪ আইনজীবীর বিরুদ্ধে সেদিনই মামলা করে পুলিশ। এই আইনজীবীদের পক্ষে বৃহস্পতিবার হাইকোর্টে জামিন চাওয়া হলে একটি বেঞ্চ জামিন আবেদনের শুনানিতে বিব্রত বোধ করে। এর কয়েক ঘণ্টার মধ্যে পাপিয়াসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাদের হেফাজতে নেওয়ার আবেদনে বলা হয়, হাইকোর্টে ওই ঘটনার নেপথ্যে কারা রয়েছে এবং কারা উস্কানি দিয়েছে- তা জানার জন্য আসামি আসিফা আশরাফী পাপিয়া, গাজী তৌহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক রাজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। অন্যদিকে হেফাজতের আবেদনের বিরোধিতা করে আসামিদের জামিনের আবেদন করেন ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ বিএনপি সমর্থক অর্ধশত আইনজীবী। হেফাজতের আবেদনের শুনানির জন্য প্রয়োজনীয় নথিপত্র না থাকায় বিচারক ৮ অগাস্ট শুনানির দিন রাখেন। রাষ্ট্রপক্ষ কাগজপত্র হাজির করতে না পারায় আসামি পক্ষের আইনজীবীরা এ সময় আদালতে হৈ চৈ শুরু করেন। তারা টেবিল চাপড়ে চিৎকার করতে থাকেন। গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে এ সময় আদালতের বাইরের রাস্তায় মিছিল বের করে বিএনপি সমর্থক আইনজীবীরা। হেফাজতের আবেদনের শুনানি না হওয়ায় তিন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। কারাগারে পাপিয়াকে প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার আবেদন করা হলে বিচারক কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলেন। রাষ্ট্রপক্ষে আদালতে বক্তব্য রাখেন পুলিশের সহকারী কমিশনার প্রসিকিউশন আমিনুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/জেকে/১৮৫৯ ঘ.

এ সম্পর্কিত আরো খবর