২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 08:31 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

চট্টগ্রাম, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সত্য রঞ্জন দাসের ছেলে আনন্দ দাস (২৪), কাঞ্চন মালাকরের ছেলে শংকর মালাকর (৩১) এবং সুমন্ত দাসের ছেলে মৃদুল দাস। এদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া থানাধীন বড়া মুহুরি হিন্দু পাড়া গ্রামে। আহত তিনজন হলো- অভিমান মালাকার (৫৫), গোপাল চৌধুরী (৩০) ও মিল্টন দেব (১৬)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাতকানিয়া থেকে একটি মাইক্রোবাস বিয়ের অনুষ্ঠান শেষে উখিয়ায় যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই মিজানুর বলেন, মাইক্রোবাসের চালক মোবাইলে কথা বলছিলেন। মোবাইলটি হাত থেকে পড়ে যাওয়ায় সেটি ওঠাতে গেলে তার গাড়ি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনার পর লোহাগাড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আনন্দ দাস ও শংকর মালাকরের মৃত্যু হয়। বাকি চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃদুল দাসকেও মৃত ঘোষণা করেন। এসআই মিজানুর রহমান জানান, মাইক্রোবাস ও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। তবে দুই চালক পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/আরএম/জেকে/২১২৯ ঘ.