ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে পল্লবী বেড়িবাঁধ এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বেড়িবাঁধের বিরুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত সাদিকুল ইসলাম (৪৫) একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি বালুবাহী ট্রাক হঠাৎ রাস্তার মাঝে থেমে গেলে পেছনে থাকা মাইক্রোবাসটি এসে ট্রাকটিতে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসের যাত্রী সাদিকুল ঘটনাস্থলে মারা যায়।
নেত্রকোনায় পেশাগত কাজে যাওয়ার জন্য মিরপুর চিড়িয়াখানা রোডের বাসা থেকে সাদিক ভোরে রওয়ানা হন বলে জানান এসআই।
ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/আরএ/১৪২৩ ঘ.
bdnews24