২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে পিটুনিতে নিহতের ঘটনায় আরো মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পিটুনিতে ছয়জন নিহত হওয়ার ঘটনায় আরেকটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 05:10 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

নোয়াখালী, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জে পিটুনিতে ছয়জন নিহত হওয়ার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। এর আগে পুলিশ বাদী হয়ে থানায় আরো দু'টি মামলা করেছিল। নোয়াখালীর বিচারিক আদালতে বুধবার মামলাটি দায়ের করেন চর ফকিরা গ্রামের নিহত শামছদ্দিন মিলনের (১৬) মা কোহিনুর বেগম। মামলায় দু'জনের নাম উল্লেখসহ ঘটনাস্থলে উপস্থিত পুলিশদের আসামি করা হয়। নাম দেওয়া দু'জন হলেন স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন ও আরেক নারী ইউপি সদস্যের স্বামী মিজানুর রহমান। বিচারক শাহ মো. জাকির হোসেন কোম্পানীগঞ্জ থানার ওসিকে অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। গত ২৬ জুলাই কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রহিমার টেক এলাকায় ডাকাত সন্দেহে ছয়জনকে পিটিয়ে হত্যা করা হয়। এর আগে সন্দেহভাজন ওই ডাকাত দলের হামলায় মারা যায় এক দোকানি। বাদীর আইনজীবী গিয়াস উদ্দিন বাবুল মামলার বরাত দিয়ে জানান, মিলন জমি রেজিস্ট্রির কাজে বসুরহাট যাচ্ছিলো। পথে চর কাকড়া বেপারী স্কুলের সামনে জামাল উদ্দিন ও মিজানুর রহমান তাকে মারধর করে পুলিশে দেয়। পুলিশ মিলনের চিকিৎসার ব্যবস্থা কিংবা তাকে থানা হেফাজতে না নিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়। সেখানে এলাকার লোকজন আবারো মারধর করলে মিলনের মৃত্যু হয়। পরে পুলিশ মিলনের লাশ থানায় নিয়ে গণপিটুনিতে নিহত সন্দেহভাজন পাঁচ ডাকাতের সঙ্গে রাখে। মিলনের মা অভিযোগ করেন, গণপিটুনিতে নিহতদের সঙ্গে মিলনের কোনো যোগাযোগ বা পূর্ব পরিচয় ছিল না। কোম্পানীগঞ্জ থানার ওসি রফিক উল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলা হয়েছে বলে শুনেছি। তবে এখনো আদালতের আদেশ পাইনি। আদেশ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।" এর আগে ওই ঘটনায় কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত কয়েকশ' লোককে আসামি করে একটি এবং ডাকাতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনসহ অজ্ঞাত আরো ৩০-৪০ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৪৮ ঘ.