কক্সবাজার, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় অমাবস্যার জোয়ার ও প্রবল বর্ষণে কক্সবাজার শহরের অন্তত দুই হাজার পরিবারের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
সোমবার রাতে প্রবল বর্ষণ হয়। একইসঙ্গে জোয়ারের পানিতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকা পানির নিচে চলে যায়।
এলাকাগুলো হলো কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফদনার ডেইল, বন্দরপাড়া, দক্ষিণ কুতুবদিয়াপাড়া, টুইট্যার মাথা, নাজিরারটেক, মোস্তাইক্যাপাড়া, বাসিন্যাপাড়া, পশ্চিম কুতুবদিয়াপাড়া ও সমিতিপাড়া।
এসব এলাকায় অন্তত দুই হাজার পরিবারের বসতঘরে পানি ঢুকেছে। রাস্তায় কোথাও কোথাও কোমর পানি হয়েছে।
স্থানীয়রা জানান, এদিকে জোয়ারের পানি ঠেকানোর জন্য একটি বাঁধ আছে। প্রতিবছর বর্ষার আগে এটি মেরামত করা হয়। কিন্তু এ বছর তা করা হয়নি।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আকতার কামাল বলেন, জেয়ারের পানি থেকে রক্ষার জন্য সরকার ফদনার ডেইল এলাকায় একটি বেড়িবাঁধ নির্মাণ করলেও এবার প্রথম জোয়ারের পানিতেই তা বিলীন হয়ে গেছে।
বন্দরপাড়ার আহছান উল্লাহ মাঝি ও শামসুল আলম সওদাগর জানান, সোমবার সকাল থেকেই হঠাৎ জোয়ারের পানি এলাকায় ঢুকে পড়ে। ওইরাতে প্রচুর বৃষ্টিও হয়। এতে জলাবদ্ধতা আরো বাড়ে।
তারা বলেন, সারাদেশে বন্যার জন্য বৃষ্টি কিংবা পাহাড়ি ঢলের প্রয়োজন হলেও এই এলাকায় বন্যার জন্য জোয়ারের পানিই যথেষ্ট।
এ ব্যাপারে সমিতিপাড়া উপকূলীয় বহুমূখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শফি আলম সোনা মিয়া জানান, ১৯৮৫ সালে প্রথম কিছু ছিন্নমূল মানুষ এসব এলাকায় বসবাস শুরু করে। এরপর ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে জেলার কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, পেকুয়াসহ কয়েকটি এলাকার আশ্রয়হীন মানুষ এখানে বসবাস শুরু করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩০ ঘ.
bdnews24