চট্টগ্রাম, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটটি প্রতিষ্ঠানের ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা হয়েছে।
বুধবার জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নগরীর বহদ্দার হাট, লালখান বাজার এবং খাতুনগঞ্জে তিনটি আদালত পরিচালনা করে।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম যুথিকা সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লালখান বাজার এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের কারণে হাইওয়ে সুইটসকে ৮০ হাজার টাকা এবং ফরমালিনযুক্ত খেজুর ও কিসমিস রাখায় খুলশীমার্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক জোবায়ের আহম্মদ বহদ্দারহাট এলাকার ছয়টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেন।
অন্যদিকে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম খাতুনগঞ্জে অভিযান চালালেও সেখানে কাউকে জরিমানা করা হয়নি।
র্যাব ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮২২ ঘ.
bdnews24