ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিব পর্যায়ের তিন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব দিদারুল আহসানকে 'জলবায়ু পরিবর্তন ইউনিটের প্রাতিষ্ঠানিক ক্ষমতা শক্তিশালীকরণ' কার্যক্রমের সমন্বয়কারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার চাকরি পরিবেশ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অর্থ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে একই বিভাগের 'ডিপেনিং এমটিবিএফ অ্যান্ড স্ট্রেংদেনিং ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যাবিলিটি' প্রকল্পের পরামর্শক পদে নিয়োগের জন্য দুই বছরের লিয়েন (শিক্ষাছুটি) মঞ্জুর করা হয়েছে। তার লিয়েন ১ জুলাই অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে।
এছাড়া ওএসডি উপসচিব মহিউদ্দিন আহমেদ খানকে সড়ক বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/আরএ/১৭২৮ ঘ.
bdnews24