ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে এক সদস্যের বিচার বিভাগীয় কমিটি গঠন করতে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একটি রিট আবেদনের শুনানিতে বুধবার এ নির্দেশ এসেছে। বিচার বিভাগীয় কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে হবে।
আমিনবাজারের ঘটনায় আগের একটি রিট আবেদনের সম্পূরক আবেদনে বুধবার বিচারপতি বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেয়।
আবেদনকারী ্যাশনাল ফোরাম ফর প্রোটেকশন অব হিউম্যান রাইটসের পক্ষে শুনানি করেন এম বদরুদ্দোজা বাদল ও মোহাম্মদ তাজুল ইসলাম।
তাজুল সাংবাদিকদের বলেন, "পুলিশের ব্যর্থতার কারণেই এ ঘটনা ঘটেছে। তারা নিষ্ক্রিয় থেকে প্রকারান্তরে ছাত্রদের হত্যায় সহযোগিতা করেছে।"
শবে বরাতের রাতে গত ১৮ জুলাই সাভারের আমিনবাজারের বরদেশী এলাকায় ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। সমালোচনার মুখে পুলিশ এ ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে।
তাজুল বলেন, "পুলিশের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হলেও তারা নিরীহ ছাত্রদের ডাকাত সাজানোর চেষ্টা করছে। আর পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের তদন্তে বের হয়ে আসার সম্ভাবনা কম। তাই আমরা তাদের ভূমিকা জানতে বিচার বিভাগীয় তদন্ত করতে সম্পূরক আবেদন দাখিল করি।"
গত ২০ জুলাই রিট আবেদন করার পর হাইকোর্ট ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চায়।
একই সঙ্গে ওই ছাত্রদের জীবন রক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতাকে কেন সংবিধান বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়।
১০ দিনের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং আশুলিয়া ও সাভার থানার ওসিকে এর জবাব দিতে বলে আদালত।
তাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিবাদিদের ১০দিন সময় দেওয়া হলেও তারা জবাব দেননি। চূড়ান্ত শুনানির দিন বিষয়টি আমরা আদালতের নজরে আনবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫৫০ ঘ.
bdnews24