ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেঙে পড়তে শুরু করায় রাজধানীর সূত্রাপুরে একটি পুরনো দোতলা ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা।
সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সূত্রাপুর থানার পাশে ২৫ বিকে দাস রোডের ওই দোতালা বাড়ির ছাদের একটি অংশ মঙ্গলবার রাত ১১টার দিকে ভেঙে পড়লে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। একইসঙ্গে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়।
ওসি জানান, ভবনটি অনেক পুরনো। বাড়ির মালিক সেটি ভাড়া দিয়ে নিজে গেন্ডারিয়ায় থাকেন।
সোমবারই ওই ভবনে ফাটল দেখা দেয় বলে জানান তিনি।
ফায়ার ব্রিগেড স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা ভঞ্জন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুরনো ওই বাড়ির পাশের ভবন থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে রাজউক ও ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে উল্লেখ করে ওসি বলেন, বুধবার দিনের বেলায় ভবনটির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৪৫৮ ঘ.
bdnews24