ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অধীনে আটশ ২০ মেগাওয়াটের নতুন ১০টি পিকিং বিদ্যুৎ কেন্দ্রে ছয়শ ৬৮টি নতুন পদ সৃষ্টি হতে হচ্ছে।
বিদ্যুৎ বিভাগের অধীনে এসব নতুন পদ সৃষ্টি করা হবে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তৌহিদুল ইসলাম মঙ্গলবার জানান, মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা শাখা ইতোমধ্যে এসব পদ সৃষ্টির সুপারিশ চূড়ান্ত করেছে।
নতুন পদগুলোতে নিয়োজিত কর্মীরা এসব বিদ্যুৎকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণে কাজ করবেন।
নতুন পদগুলোর মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ব্যবস্থাপক), নির্বাহী প্রকৌশলী (উপ-ব্যবস্থাপক) উপ-বিভাগীয় প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী থেকে অফিস সহকারী ও এমএলএসএস-এর পদও রয়েছে।
এর মধ্যে ঘোড়াশালে ২০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রের জন্য ১২২টি এবং গোপালগঞ্জ, দোহাজারী ও হাটহাজারীর প্রতিটি ১০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রের জন্য ৬৮টি করে পদ সৃষ্টি করা হয়েছে।
পাবনার বেড়ায় ৭০ মেগাওয়াট এবং দাউদকান্দি, কাটাখালী, সান্তাহার, বাঘাবাড়ি ও ফরিদপুরে প্রতিটি ৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রের জন্য ৫৭টি করে পদ সৃষ্টি করা হয়েছে।
বিদ্যুৎকেন্দ্রগুলোর কোনোটি এখনো উৎপাদনে আসেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/পিডি/২০০২ ঘ.
bdnews24