ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাস ও ঈদকে সামনে রেখে সারা দেশে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে ১০ কেজি করে চাল পাবে ৬৬ লাখ ১ হাজার পরিবার।
মঙ্গলবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া জানান, দেশের ৬৪টি জেলার ৪৮৩টি উপজেলা এবং এ বি ও সি ক্যাটাগরির ৩০৯টি পৌরসভা এ কর্মসূচির আওতায় থাকবে। এজন্য মোট ৬৬ হাজার ১০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
ঈদের আগেই চাল উত্তোলন ও বিতরণ কার্যক্রম শেষ হবে।
ভিজিএফ পরিপত্র ২০১০ অনুসারে দুঃস্থ, প্রতিবন্ধী, বিধবা, অতিশয় বৃদ্ধ ও অসহায় পরিবারের মধ্যে এ চাল বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান গোলাম কিবরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমইউএস/এএল/১৮৩০ ঘ.
bdnews24