গোপালগঞ্জ, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের অবরোধের কারণে ঢাকা-খুলনা সড়কে গাড়ি চলাচল মঙ্গলবার দেড় ঘণ্টা বন্ধ ছিলো।
সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় সকাল ১০টায় ছাত্ররা সড়কে অবস্থান নেয়।
পরে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুণসহ প্রশাসনিক কর্মকর্তাদের আশ্বাসে ছাত্ররা সাড়ে ১১টার দিকে রাস্তা ছাড়ে বলে পলিটেকনিকের অধ্যক্ষ প্রকৌশলী মহানন্দ মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন।
অবরোধের কারণে সড়কের দুই পাশে কয়েকশ গাড়ি আটকা পড়ে।
ভাড়া নিয়ে কথাকাটাকাটির পর সোমবার পলিটেকনিকের পাঁচ শিক্ষার্থীকে মারধর করে শ্রমিকরা। এর মধ্যে চার জনকে হাতুড়ি দিয়ে পেটানো হয় বলে ছাত্রদের অভিযোগ। আহত ছাত্ররা এখন গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৫ ঘ.
bdnews24