২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ কাগজ সম্পাদকের বিরুদ্ধে আরো দুটি মামলা

সাপ্তাহিক শীর্ষ কাগজ সম্পাদক মো. একরামুল হকের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও হত্যার হুমকির অভিযোগে আরো দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাপ্তাহিক শীর্ষ কাগজ সম্পাদক মো. একরামুল হকের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও হত্যার হুমকির অভিযোগে আরো দুটি মামলা হয়েছে। এর মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মারধর ও হত্যার হুমকির মামলাটি করেছেন আশুলিয়ার মো. শহিদুল ইসলাম। শাহবাগ থানায় চাঁদাবাজির মামলাটি করেছেন সচিবালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক। শহিদুলের মামলায় একরামুলের স্ত্রী মাহবুবা হক এবং শীর্ষ কাগজের ব্যবস্থাপক মো. আলমগীর হোসেনকেও আসামি করা হয়েছে। বিচারক বাদীর বক্তব্য শুনে মামলাটিতে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন। এ ছাড়া ১১ সেপ্টেম্বর আরজিতে উল্লেখ করা সাক্ষীসহ বাদীকে আদালতে হাজির হতে বলা হয়েছে। একরামুল হক অনলাইন সংবাদ সংস্থা শীর্ষ নিউজ ডটকমেরও সম্পাদক। এরই মধ্যে আরেকটি চাঁদাবাজি মামলায় তাকে হেফাজতে (রিমান্ডে) নেওয়া হয়েছে। বাদী শহিদুল আরজিতে বলেন, আশুলিয়ার বাসাইদ মৌজায় তাদের ভোগ দখলীয় সম্পত্তি আমমোক্তার দলিলের মাধ্যমে নিজেদের দাবি করে আসছেন একরামুল ও তার স্ত্রী। গত ২০ জুলাই বাদী তাদের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়তে গেলে অভিযুক্তরা বাধা দেয়। এ সময় আসামিরা বাদীকে মারধরও করেন। এদিকে, শাহবাগ থানায় সোমবার হওয়া মামলায় সাংবাদিক একরামুলের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক নাসিমা জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহবাগ থানায় দায়ের হওয়া মামলাটিতে আসামি একরামুলের বিরুদ্ধে ৩৮৫ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/পিডি/১৭৫৭ ঘ.