ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারদর নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার জন্য প্রশাসনের সাত জন উপসচিবকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদে সংযুক্ত করা হয়েছে। এজন্য তাদের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার তাদের ওই দপ্তরে সংযুক্তি দেওয়া হয়।
এ সাত কর্মকর্তা হলেন- মোহাম্মদ নজরুল ইসলাম, বানিজুর রহমান, মুহাম্মদ হুমায়ুন কবীর, আবদুর রাশেদ খান, সৈয়দ আহম্মদ ছাপা, আলী ইউসুফ মোহাম্মদদ সুলতান নূর এবং হেলাল উদ্দিন।
এছাড়া প্রশাসনের আরো কিছু পদে রদবদল করা হয় একইদিন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব আবদুল মান্নানকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পদে পদায়ন করা হয়েছে। এর আগে তাকে রাজশাহীর রেশন গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছিলো। ওই আদেশটি বাতিল করা হয়েছে।
গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রণজিত কুমার দাসকে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে।
ঢাকার নবাবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা আক্তারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলামকে ইউএনও নিয়োগের জন্য ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬২০ ঘ.
bdnews24