ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন বিষয়ে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের প্রতিবেদনে সরকারের আপত্তি গৃহীত হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সোমবার এ কথা বলা হয়েছে।
জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের (ইউএনপিএফআইআই) প্রতিবেদন গত ২২ থেকে ২৯ জুলাই জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পর্ষদের সাধারণ বিভাগে (ইসিওএসওসি) গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোরামের প্রতিবেদন নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মতকে গুরুত্ব দেয় ইসিওএসওসি।
ফোরামের ২০১১ সালের প্রতিবেদনের দুটি অনুচ্ছেদে পার্বত্য শান্তিচুক্তির বরাত দিয়ে 'আদিবাসী' শব্দটির ব্যবহার নিয়ে বাংলাদেশ আপত্তি জানায়।
ইন্টারন্যাশনাল চিটাগাং হিল ট্র্যাক্টস কমিশনের একজন সদস্য প্রভাবিত হয়ে অস্বচ্ছ প্রক্রিয়ায় ওই সমীক্ষাটি করে বলেও অভিযোগ করে বাংলাদেশ।
ওই প্রতিবেদনে ১৯৯৭ সালের পার্বত্য শান্তিচুক্তির শর্ত অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম থেকে ধাপে ধাপে অস্থায়ী সেনাশিবির প্রত্যাহার, শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য একটি সময়সীমা এবং রূপরেখা/কার্যপ্রণালী ঘোষণা এবং শান্তিচুক্তি লঙ্ঘন করে সেখানে আদিবাসীদের ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশের আপত্তি ৫৪ সদস্যের ইসিওএসওসিতে গৃহীত হয়- বলা হয় বিজ্ঞপ্তিতে।
জাতিসংঘের ওই পর্ষদে স্থায়ী ফোরামের প্রতিবেদন গৃহীত হওয়ার বিষয়টি বাংলাদেশের জন্য কোনো বাধ্যবাধকতা তৈরি করবে না।
একটি স্বাধীন রাষ্ট্র তার নাগরিক বা কোনো একটি বিশেষ গোষ্ঠীকে কীভাবে শ্রেণীকরণ করবে তা তার সংবিধান এবং রাষ্ট্রীয় আইন দ্বার নির্ধারিত হবে। জাতিসংঘসহ আন্তর্জাতিক কোনো সংস্থার এতে করণীয় কিছু নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২২৪১ ঘ.
bdnews24