ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আটক মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জামায়াতে ইসলামীর চার নেতার বিরুদ্ধে ১ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এই আদেশ দেয়।
এছাড়া একই অভিযোগে আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিষয়ে ৪ অক্টোবর তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জামায়াতে ইসলামীর চার নেতা- আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সোমবার দিন ধার্য থাকলেও প্রসিকিউশন এর বদলে অগ্রগতি প্রতিবেদন দেয়।
প্রসিকিউশনের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন করা হলে ট্রাইব্যুনাল ১ নভেম্বরের মধ্যে তদন্ত শেষ করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দেয়।
এ সময় রোজা ও এহতেকাফ পালনের কথা বলে এই চার জামায়াত নেতার পক্ষে জামিনের আবেদন করা হলে তা নাকচ করে দেয় ট্রাইব্যুনাল।
এই চারজনের মধ্যে মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লাকে সকালে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে ১০ ট্রাক অস্ত্র মামলায় হাজিরার দিন থাকায় নিজামীকে আগেই চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন দেওয়ার দিন ধার্য ছিল সোমবার। প্রসিকিউশন এ ক্ষেত্রেও অগ্রগতি প্রতিবেদন দেওয়ায় ৪ অক্টোবর তদন্ত প্রতিবেদন দেওয়ার নতুন দিন ধার্য করে ট্রাইব্যুনাল।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে সরকার। এরপর জামায়াতের পাঁচ ও বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
জামায়াতের অপর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আগেই আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়েছে।
এছাড়া বিএনপির আরেক নেতা, জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/০১৫১ ঘ.
bdnews24