ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগ ২০১০ সালের আর্থিক লেনদেনের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিলেও প্রধান বিরোধী দল বিএনপি সময় বাড়ানোর আবেদন করেছে।
আইন অনুযায়ী, নিবন্ধিত সব রাজনৈতিক দলের ২০১০ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব কমিশনে জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার। ৩৮টি দলের মধ্যে ২১টি নির্ধারিত সময়ে তাদের হিসাব জমা দিয়েছে। সময় চেয়ে আবেদন করেছে ১০টি দল। বাকি ৭টি দল রোববার পর্যন্ত কিছু জানায়নি।
রাজনৈতিক দলগুলোর ভেতরে আর্থিক স্বচ্ছতা আনতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে ইসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। পরপর দুই বার হিসাব দাখিলে ব্যর্থ হলে নিবন্ধন বাতিলেরও বিধান রয়েছে।
আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রিয়াজুল কবির কাওসার রোববার সকালে ইসি সচিব মোহাম্মদ সাদিকের কাছে দলের বার্ষিক লেনদেন প্রতিবেদন হস্তান্তর করেন। আয়-ব্যয়ের বিষয়ে সাংবাদিকদের কোনো তথ্য দিতে রাজি হননি তারাও।
মৃণাল কান্তি দাস বলেন, "বার্ষিক লেনদেনের প্রতিবেদন গণপ্রতিনিধিত্ব আদেশ মেনেই জমা দেওয়া হয়েছে। এটা এখন ইসির সম্পদ। কখন, কীভাবে তা প্রকাশ করবে- সে বিষয়ে ইসিই সিদ্ধান্ত নেবে।"
তিনি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই হিসাব পাঠিয়েছেন। দলের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এই হিসাবপত্রে স্বাক্ষর করেছেন। চার্টার্ড একাউন্টেন্ট ফার্ম এস এম জাকারিয়া অ্যান্ড কোং এই প্রতিবেদন নিরীক্ষা করেছে।
অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপির একটি প্রতিনিধি দল রোববার দুপুরে প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করে।
দলটির সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি সাংবাদিকদের জানান, "গত ৪ জুলাই প্রতিবেদন জমা দেওয়ার জন্য ইসি চিঠি দিয়েছে। স্বল্প সময়ে প্রতিবেদন তৈরি সম্ভব না হওয়ায় ২ মাস সময় বাড়ানোর জন্য আবেদন করেছি আমরা।"
২১ দলের প্রতিবেদন জমা
হিসাব গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইসির উপ সচিব (প্রশাসন) জেসমিন টুলী জানান, অডিট রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন বিকাল পর্যন্ত ২১টি দল হিসাব জমা দিয়েছে।
দলগুলো হলো- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, জাতীয় পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, ন্যাশনাল পিপলস পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), গণফোরাম, প্রগতিশীল গণতান্ত্রিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টি ও খেলাফত মজলিস।
এছাড়া বিএনপি, জাতীয় পার্টি (জেপি), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডিৎ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামী ঐক্যজোট ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছে।
বাংলাদেশ কল্যাণ পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, গণফ্রন্ট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)- এই সাত দলের কোনো চিঠি রোববার বিকাল পর্যন্ত ইসির সংশ্লিষ্ট শাখায় পৌঁছেনি।
ইসি সচিব মোহাম্মদ সাদিক সাংবাদিকদের বলেন, "সময় বাড়াবে কি না, বা কতোদিন বাড়াবে- সে বিষয়ে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে।"
২০০৮ সালে প্রথমবারের রাজনৈতিক দলের নিবন্ধনের পর বার্ষিক লেনদেনের হিসাব জমা দেওয়ার জন্য কয়েকটি দলের আবেদনে গত বছর সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছিল ইসি। ওই বর্ধিত সময়ে নিবন্ধিত ৩৮টি দলই অডিট রিপোর্ট জমা দেয় বলে জেসমিন টুলী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০০৪৩ ঘ.
bdnews24