২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দেশী গ্রামে পুলিশের আকস্মিক তল্লাশি

গণপিটুনিতে ছয় ছাত্র নিহতের ১৩ দিন পর আমিনবাজারের বড়দেশী গ্রামে আকস্মিকভাবে পুলিশ সাড়ে তিন ঘণ্টা তল্লাশি চালিয়েছে। তবে এতে কেউ গ্রেপ্তার হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণপিটুনিতে ছয় ছাত্র নিহতের ১৩ দিন পর আমিনবাজারের বড়দেশী গ্রামে আকস্মিকভাবে পুলিশ সাড়ে তিন ঘণ্টা তল্লাশি চালিয়েছে। তবে এতে কেউ গ্রেপ্তার হয়নি। সাভার, আশুলিয়া, ধামরাই থানা এবং পুলিশ লাইন থেকে আসা প্রায় দেড়শ পুলিশের একটি দল পুরো গ্রাম ঘেরাও করে রোববার দুপুর ৩টা থেকে তল্লাশি শুরু করে। পুলিশের সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের দলটি বড়দেশী গ্রামে ঢোকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে। প্রবেশকারী ব্যক্তি এবং যানবাহন তল্লাশি করছে পুলিশ। পুলিশ বলেছে, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে এ অভিযান। গত ১৭ জুলাই গভীর রাতে বড়দেশী গ্রামের কেবলার চরে এলাকাবাসী ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করে। নিহতরা হলেন- ইব্রাহিম খলিল (২৪), শহিদুর রহমান পলাশ (২৬), কামরুজ্জামান কান্ত (২৪), টিপু সুলতান (২৩), শামস্ রহিম শাম্মাম (২২) ও মনির হোসেন (২৫)। পিটুনিতে আহত হন আল-আমিন নামের এক যুবক। 'পুলিশ তালা ভেঙে ঢুকতে পারছে না' গ্রামের ভেতরে সন্দেহভাজনদের দেহ এবং বাসায় তল্লাশি চালানো হয়। এই অভিযানে মহিলা পুলিশও অংশ নেয়। পুলিশ অভিযান শুরু করার পরপর গ্রামের অনেকেই বাসায় তালা লাগিয়ে চলে যায়। এসব ঘরে পুলিশ তালা ভেঙে ঢুকতে পারেনি। অভিযানে নেতৃত্বদানকারী সহকারী পুলিশ সুপার মনোয়ার অভিযানের প্রায় দেড়ঘণ্টা পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘরে তালা লাগিয়ে অনেকে চলে যাওয়ায় সেসব ঘরে তল্লাশি চালানো যাচ্ছে না। মাদক ও সন্ত্রাস প্রতিরোধের লক্ষ্যে এই অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি। বড়দেশী গ্রামে প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৬টার দিকে ফিরে যায় পুলিশ। এ সময় তারা আমিনবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন মজিদপুরে অভিযান চালায়। সেখানে প্রায় পৌনে একঘণ্টার অভিযানে মোক্তার হোসেন নামে একজন মাদক ব্যবসায়ীকে দুইশ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। সহকারী পুলিশ সুপার মনোয়ার জানান, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে মাদক বিক্রির প্রায় ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। তদন্ত কমিটি আবার সাভার থানায় ছয় ছাত্রের নিহত হওয়ার ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটি রোববার দুপুরে আবার সাভার থানায় গেছে। গণপিটুনির সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে দ্বিতীয় দফা কথা বলেছেন কমিটির সদস্যরা। কমিটি স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে সংশ্লিষ্ট ডাক্তার-কর্মচারীর সঙ্গেও কথা বলেছে। এই ঘটনার পর পুলিশের উপ-মহাপরিদর্শক (প্রশাসন) আমির উদ্দিনকে প্রধান করে পুলিশের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ২১ জুলাই গঠিত চার সদস্যের এ তদন্ত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার মাসুদ করিম, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিশেষ পুলিশ সুপার শেখ মো. রেজাউল হায়দার এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। রফিকুল কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। কমিটির সদস্যরার প্রথম গত ২৪ জুলাই ঘটনাস্থল কেবলার চর পরিদর্শন করেন এবং ১০ জনের সাক্ষ্য নেন। পরে ২৭ জুলাই সাভার থানায় গিয়ে তদন্ত কমিটি ঘটনার সময় থাকা পুলিশ সদস্যদের সাক্ষ্য নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/পিডি/১৯২১ ঘ.