২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজা-ঈদে স্কুল-কলেজ বন্ধের সূচি ঘোষণা

রমজানে সারাদেশে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৪ অগাস্ট থেকে ছুটি থাকবে। কলেজে ছুটি শুরু হবে ১৬ অগাস্ট থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 09:47 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে সারাদেশে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৪ অগাস্ট থেকে ছুটি থাকবে। কলেজে ছুটি শুরু হবে ১৬ অগাস্ট থেকে। রমজান ও ঈদুল ফিতরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটির তারিখ নির্ধারণের ঘোষণা রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে দেন। নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ যেসব বিদ্যালয়ে দশম শ্রেণী পর্যন্ত রয়েছে, সেগুলোতে ৪ অগাস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি থাকবে। প্রাথমিক বিদ্যালয় যেগুলোতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, সেগুলোর ছুটির তারিখ শিক্ষামন্ত্রী ঘোষণা করেননি। তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানাবে বলে তিনি জানান। কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে ১৬ অগাস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। মাদ্রাসাগুলোয় ২ অগাস্ট ছুটি শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। শিক্ষামন্ত্রী বলেন, "রমজানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার বিষয়ে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর এ সংক্রান্ত পরিপত্র সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।" এছাড়া বিশ্ববিদ্যালয়গুলো তাদের সিদ্ধান্তে ছুটি ঘোষণা করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৬২০ ঘ.