ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় মৃত্যুর জন্য চালকের পাশাপাশি মালিকদেরও শাস্তির বিধান রেখে মটরযান আইন সংশোধন এ বছরই হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
তিনি রোববার সাংবাদিকদের বলেন, "সরকার ৭০ বছরের পুরনো মোটর ভেহিক্যাল আইন যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে। যোগাযোগ মন্ত্রণালয় আইনের খসড়া তৈরি করে ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।"
আইনের খসড়া মন্ত্রিপরিষদে পাস হলে এ বছরই তা সংসদে উত্থাপন করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, "প্রস্তাবিত সংশোধনীতে দুর্ঘটনাজনিত অপরাধের জন্য গাড়িচালকদের পাশাপাশি মালিকদের শাস্তিমূলক ব্যবস্থার জন্য আইনগত কাঠামোর আওতায় আনা হচ্ছে।"
সড়ক দুর্ঘটনা রোধে আইনের কার্যকর ব্যবহারে পাশাপাশি গাড়িচালক, পথচারী, যাত্রী সবাইকে সচেতন হতে পরামর্শ দেন মন্ত্রী।
তিনি জানান, এখন থেকে যে সব বেসরকারি প্রতিষ্ঠানে গাড়িচালনা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিআরটিএ'র একটি দল সেখানে গিয়ে তাৎক্ষণিক পরীক্ষা নিয়ে লাইসেন্স দেবে।
নগর ভবনে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড কার্যালয়ে 'সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে গাড়ি চালকদের দক্ষতা এবং সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচ'র উদ্বোধনী অনুষ্ঠানে আবুল হোসেন আইন সংশোধনের কথা জানান।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড গাড়িচালকদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে প্রতিটি কোর্সে ৪০ জন গাড়িচালককে দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মসূচির আওতায় প্রাথমিক পর্যায়ে ৫০০ জন গাড়িচালক প্রশিক্ষণ পাবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক ড. এসএম সালেহউদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান, বিআরটিএ-এর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান, ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আবুল কালাম আজাদ, বিআরটিসি'র চেয়ারম্যান এমএম ইকবাল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৩৫৬ ঘ.
bdnews24