চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক জ্যেষ্ঠ কর্মকর্তার বাসায় চুরি হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে কোতোয়ালি ধানার চকবাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন লালচান সড়কে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী কমিশনার শুক্লা সাহা'র বাসায় এ চুরির ঘটনা ঘটে।
তবে পরিবারের সদস্যরা বাসায় না থাকায় চুরির বিষয়টি রাত সাড়ে ৯টার দিকে জানতে পারেন ওই কর্মকর্তা।
মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চোরের দল ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।
বিকাল ৫টা থেকে রাত ৮ টার মধ্যে চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চুরির খবর পেয়ে রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুক্লার বাসায় যান। চারতলা ভবনটির দ্বিতীয় তলায় পুলিশ কর্মকর্তা শুক্লা থাকেন। ভবনের নিচ তলা ও তৃতীয় তলা আগে থেকেই খালি ছিলো বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তার স্বামী আনন্দ মোহন সাহা বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান থানার ওসি আবুল কালাম আজাদ।
ওসি বলেন, বাসার প্রধান ফটক এবং ঘরের দরজার তালা ভেঙে চোরের দল ঘরে ঢোকে। আলমারি এবং সিন্দুকের তালা ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় তারা।
এছাড়া আরো দুুটি কক্ষের তালা ভাঙা পাওয়া গেছে । তবে ওই দুই কক্ষ থেকে কিছু খোয়া যায়নি বলে জানান ওসি।
আমেনা জানান, মাত্র দুই দিন আগে ভবনটির পাশের ভবন থেকে উপকমিশনারের (উত্তর) কার্যালয়টি সরিয়ে নেওয়া হয়।
এলাকাটি সিএমপির স্টাফ কমপ্লেক্স হিসেবে ব্যবহৃত হওয়ায় ভবনে কোনো পুলিশ পাহারা থাকে না বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/আরআরডি/এমআই/১২০৫ ঘ.
bdnews24