ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বাসভবনে শনিবার সকালে গ্যাস লাইন থেকে আগুন লাগে বলে থানায় জিডি হয়েছে।
বিরোধীদলীয় নেতার বাসভবনের কর্মচারি মোহাম্মদ ইউনূস এই ডায়েরি করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম।
তিনি বলেন, "গ্যাস লাইন থেকে আগুন লাগার ঘটনায় রাত ১০টার দিকে একটি জিডি হয়েছে।"
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে বলেন, "ভোরে গুলশানে বিরোধীদলীয় নেতার বাসভবনে গ্যাস লাইন থেকে এই আগুনের সূত্রপাত হয়। তবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
"কিন্তু কিভাবে এই আগুন লাগলো, তা তদন্ত প্রয়োজন। কারণ এই আগুনের ধরার ঘটনাটি স্যাবোটাজ কি না তা তদন্ত করা প্রয়োজন।"
গুলশান-২ এর ৭৯ সড়কের এক নম্বর ভবনে খালেদা জিয়া থাকেন। বাসভবনের দেওয়াল ঘেঁষে গ্যাস লাইনের চাবির স্থানে এই আগুন লাগে বলে নিরাপত্তা কর্মীরা জানান।
তবে কিভাবে এই আগুন সূত্রপাত হয়েছে, তা তারা কেউ বলতে পারছেন না। আগুন দেখে দ্রুত তা নিভিয়ে ফেলা হয়।
ইউনুস জানান, কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/পিডি/০১০৪ ঘ.
bdnews24